সার্কের কার্যকারিতা এখনো শেষ হয়নি: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সুইজারল্যান্ডে পানিসম্পদ বিষয়ে এক অনুষ্ঠানে বক্তব্য দেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সুইজারল্যান্ডে পানিসম্পদ বিষয়ে এক অনুষ্ঠানে বক্তব্য দেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সার্কের (দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা) কার্যকারিতা এখনো শেষ হয়ে যায়নি। আট জাতির এই আঞ্চলিক সংস্থাটি খুব ভালোভাবে সক্রিয় আছে। সুইজারল্যান্ডের দাভোসে কংগ্রেস সেন্টারে গত মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ৪৭তম বার্ষিক সম্মেলনে এক মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি দক্ষিণ এশীয় অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এর (সার্ক) মাধ্যমে আরও অনেক কাজ করার সুযোগ আছে। এই অঞ্চলের জনগণের উন্নয়নের জন্য আঞ্চলিক সহযোগিতার প্রয়োজন রয়েছে।’ তিনি বলেন, ‘দারিদ্র্য এ অঞ্চলের প্রধান শত্রু। আমরা কীভাবে দারিদ্র্য নির্মূল করতে পারি, সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।’ এ ক্ষেত্রে সার্কভুক্ত দেশগুলোকে ব্যবসা-বাণিজ্য জোরদার করা এবং মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন শেখ হাসিনা।

সম্মেলনে অংশ নেওয়া পাকিস্তানের সুশীল সমাজের এক প্রতিনিধি অভিযোগ করেন, যুদ্ধাপরাধের বিচারের নামে বাংলাদেশে বয়োজ্যেষ্ঠ নাগরিকদের ফাঁসি দেওয়া হয়েছে। তাঁর এই অভিযোগের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘যাঁদের আপনি বয়োজ্যেষ্ঠ নাগরিক বলে সম্বোধন করছেন, তাঁরা সকলেই ১৯৭১ সালে অপরাধ সংঘটনের সময় নবীন ছিলেন। তাঁরাই এই গণহত্যা ও নৈরাজ্য সৃষ্টি করেছেন।’ এসব অপরাধেই তাঁদের দেশের প্রচলিত আইনে বিচার করে দণ্ড প্রদান করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক উন্নয়নে বৃহত্তর সহযোগিতা এবং আন্তদেশীয় বিশুদ্ধ পানিসম্পদ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি দাভোসে ডব্লিউইএফ সম্মেলনের পাশাপাশি অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ডস আন্ডার ওয়াটার’ শীর্ষক একটি আলোচনায় বলেন, ‘পানি হচ্ছে সম্পদ। আমাদের জন্য শহর, গ্রাম এবং সারা জীবন প্রত্যেকের জন্য বেঁচে থাকার লড়াইয়ে পানির মূল্য জানা দরকার।’

প্রধানমন্ত্রীকে প্রবাসীদের অভিনন্দন

ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা সুইজারল্যান্ড সফর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। তাঁকে অভিনন্দন জানাতে মঙ্গলবার সুইজারল্যান্ড এবং পার্শ্ববর্তী দেশগুলোর অনেক প্রবাসী সিল ভেরেত্তা পার্ক হোটেলের সামনে সমবেত হন। সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলেই থাকছেন।