জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বলেছেন, সার্ক অঞ্চলের উন্নয়নকে ত্বরান্বিত করতে হলে সার্কভুক্ত দেশগুলোতে গণতান্ত্রিক চর্চা বাড়াতে হবে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গত রোববার তিন দিনব্যাপী ষষ্ঠ সার্ক স্পিকার্স অ্যান্ড পার্লামেন্টারিয়ানস সম্মেলনের উদ্বোধনী দিনে ভাষণে তিনি এ কথা বলেন।জাতীয় সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।অনুষ্ঠানে আবদুল হামিদ বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে জাতীয় সংসদকে বেশি কার্যকর করা প্রয়োজন। তৃণমূল পর্যায় থেকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিটি পর্যায়ে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে গণতন্ত্রকে বেগবান করা সম্ভব। তিনি বলেন, সংসদীয় রীতিনীতি ও পদ্ধতি যাতে অব্যাহত থাকে, সে লক্ষ্যে সংসদ ও সংসদ সদস্যদের কাজ করতে হবে। এ ক্ষেত্রে সার্ক স্পিকার্স অ্যান্ড পার্লামেন্টারিয়ানস ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।আনুষ্ঠানিকভাবে এই সম্মেলনের উদ্বোধন করেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার ফাহমিদা মির্জার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভারতের লোকসভার স্পিকার মীরা কুমার, মালদ্বীপের পার্লামেন্টের স্পিকার আবদুল্লাহ শাহিদ ও ভুটানের স্পিকার লিওনপে জিগমে সুলতিম।উদ্বোধনী ভাষণে আসিফ আলী জারদারি বলেন, সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে শক্তিশালী সংসদের বিকল্প নেই। তিনি মাদকদ্রব্য চোরাচালান রোধ এবং মৌলবাদ ও সন্ত্রাসবাদ দমনে সার্কভুক্ত দেশগুলোকে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।