সার্কের পর্যবেক্ষকদের জন্য কোটি টাকা বরাদ্দ
সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন পর্যবেক্ষকদের জন্য এক কোটি টাকা বরাদ্দ করেছে নির্বাচন কমিশন। দেশগুলো নির্বাচন পর্যবেক্ষণে এলে তাদের থাকা-খাওয়া বাবদ এই টাকা ব্যয় করা হবে।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, দশম জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য কমিশন ইতিমধ্যে সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন কমিশনের সংগঠন ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিজ অব সাউথ এশিয়ার (ফেমবোজা) সঙ্গে যোগাযোগ করেছে। এই সংগঠনের সদস্য হচ্ছে বাংলাদেশসহ আফগানিস্তান, ভারত, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার নির্বাচন কমিশন। বর্তমানে ভুটানের প্রধান নির্বাচন কমিশনার এই ফোরামের প্রধান। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নির্বাচন বিষয়ে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে ২০১০ সালে ঢাকায় এক সম্মেলনের মাধ্যমে ফেমবোজার যাত্রা শুরু হয়।
সূত্র জানায়, কমিশন ফেমবোজার সাতটি দেশের দুজন করে মোট ১৪ জন পর্যবেক্ষককে আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু এখন পর্যন্ত ফেমবোজা পর্যবেক্ষণে আসার বিষয়টি নিশ্চিত করেনি। তারা নির্বাচন পর্যবেক্ষণ করলে কী ধরনের সুযোগ-সুবিধা পাওয়া যাবে—তা জানতে চেয়েছে। এদিকে ফেমবোজা যাতে নির্বাচন পর্যবেক্ষণে আসে, সে জন্য জোর তৎপরতা চালানো হচ্ছে।
সাধারণত ইউরোপ ও আমেরিকার পর্যবেক্ষকেরা নিজেদের খরচে নির্বাচন পর্যবেক্ষণ করে থাকে। তবে এবার ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশ ও সংগঠন একতরফা নির্বাচন হওয়ায়, নির্বাচনের পরিবেশ না থাকায় এবং নিরাপত্তার প্রশ্ন তুলে সংসদ নির্বাচন পর্যবেক্ষণ না করার সিদ্ধান্তের কথা নির্বাচন কমিশনকে জানিয়েছে। সেই প্রেক্ষাপটে কমিশন ফেমবোজার নেতৃত্বে সার্কভুক্ত দেশগুলোর পর্যবেক্ষকদের নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ করেছে।
এদিকে দেশীয় পর্যবেক্ষকদের সংগঠন ইলেকশন ওয়ার্কি গ্রুপ (ইডব্লিউজি) নির্বাচন পর্যবেক্ষণ করবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কমিশনকে কিছু জানায়নি। কমিশন ইডব্লিউজিকে পর্যবেক্ষণে নিয়ে আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।