সার্চ কমিটি গঠনের প্রস্তাব মানবে না বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির অনুসন্ধান কমিটি (সার্চ কমিটি) গঠনের প্রস্তাব বিএনপি মানবে না।বিএনপির যৌথ সভা শেষে গতকাল সোমবার দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা বলেছেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশনের ব্যাপারে রাষ্ট্রপতি কী সুপারিশ করবেন, তা আগেই পত্রিকায় প্রকাশিত হয়েছে। যেটা নির্ধারিত হয়েই আছে, সেটা মেনে নেওয়ার কোনো মানে নেই। তিনি বলেন, বিএনপির প্রথম দাবিই হচ্ছে নিরপেক্ষ-নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। এ ব্যাপারে সিদ্ধান্ত না হলে বিএনপি কোনো কিছুই মেনে নেবে না। গতকাল বেলা ১১টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যৌথ সভা শুরু হয়। ২৯ জানুয়ারি দেশব্যাপী গণমিছিল কর্মসূচি সফল করতে অনুষ্ঠিত এই সভায় দলটির যুগ্ম মহাসচিব, কেন্দ্রীয় কমিটির সম্পাদক, ঢাকা মহানগরের আহ্বায়ক ও সদস্যসচিব, ঢাকা মহানগরের বিভিন্ন আসনে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী, বৃহত্তর ঢাকার ছয় জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার অত্যন্ত চাতুর্যের সঙ্গে রাষ্ট্রপতির পদ ব্যবহার করে নির্বাচন কমিশন গঠনের কাজ করছে। সরকার রাষ্ট্রপতির পদটি বিতর্কিত করেছে।রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে গত রোববার মন্ত্রিপরিষদের কাছে প্রস্তাব পাঠিয়েছেন। ওই প্রস্তাবে নতুন নির্বাচন কমিশন গঠনে একটি অনুসন্ধান কমিটি করার কথা বলা হয়েছে। বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ আগামী মাসে শেষ হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর মত নিয়েছেন। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান করেছিল।