‘রাষ্ট্রপতি যাঁদের সার্চ কমিটিতে রেখেছেন, তাঁদের কেউ দলের সঙ্গে যুক্ত নন। এই সার্চ কমিটি দলনিরপেক্ষ।’
গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা জাসদের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করেছিলেন। সফল হননি। আগামী নির্বাচন বানচাল করে অস্বাভাবিক সরকারকে ক্ষমতায় বসাতেই সার্চ কমিটি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘আসলে কমিটিতে রাজাকার নেই, সে জন্য খালেদার দৃষ্টিতে এটা নিরপেক্ষ কমিটি নয়। রাজাকারের সঙ্গে আপস করলেই শুধু খালেদা জিয়ার দৃষ্টিতে জাতীয় ঐকমত্য হয়।’
জাসদের একাংশের সভাপতি ইনু নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘জাসদের স্লোগান একটাই, “জাসদের মন্ত্র—সমাজতন্ত্র”। গ্রামগঞ্জে, শহরে—কোথাও এখন এই স্লোগান শুনি না। এই একটা স্লোগানই আপনাদের আওয়ামী লীগ থেকে আলাদা করবে।’
কর্মিসভায় সভাপতিত্ব করেন নগর জাসদের ভারপ্রাপ্ত সভাপতি ওসমান গণি চৌধুরী।