সার্চ কমিটির প্রথম বৈঠক শুরু
নতুন নির্বাচন কমিশনের (ইসি) সদস্যদের খুঁজে বের করতে গঠিত সার্চ বা অনুসন্ধান কমিটির প্রথম বৈঠক শুরু হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুসন্ধান কমিটির ছয় সদস্যের উপস্থিতিতে এই বৈঠক শুরু হয়।
আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে অনুসন্ধান কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতার।
২৫ জানুয়ারি নতুন ইসি গঠন করতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেন। গঠিত হওয়ার দিন থেকে ১০ কার্যদিবস, অর্থাৎ আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে অনুসন্ধান কমিটিকে ইসির জন্য ব্যক্তিদের নাম সুপারিশ করতে হবে। এ জন্য গত বৃহস্পতিবার থেকেই তাঁরা কাজ শুরু করেছেন। সেরে নিয়েছেন নিজেদের মধ্যে আলাপ-আলোচনা। গতকাল শুক্রবার রাতেও তাঁরা বিভিন্ন সূত্র থেকে নাম সংগ্রহ করেছেন। আজ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রথম বৈঠকে এই নামগুলো নিয়ে তাঁদের আলোচনা কথা রয়েছে।
আরও পড়ুন: