সার্জনদের দিয়ে অস্ত্রোপচারে নির্দেশনা জারির নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্জারি ব্যবস্থা তদারকি ও সার্জনদের (শল্যচিকিৎসক) দিয়ে অস্ত্রোপচার নিশ্চিত করতে দেশের সব হাসপাতালের প্রধানদের প্রতি নির্দেশনা জারি করতে স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার এ নির্দেশের পাশাপাশি রুল দেন। এই নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দুই সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।
‘স্বাস্থ্য নেশা চিকিৎসাসেবা: চিকিৎসকেরা ব্যস্ত রাজনীতি ও দলবাজিতে, অপারেশনের ছুরি-কাঁচি ওয়ার্ডবয়দের হাতে’ শিরোনামে৯ ফেব্রুয়ারি একটি দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ডবয়রা অস্ত্রোপচার করছেন, এমন তথ্যসংবলিত ওই প্রতিবেদনের ভিত্তিতে গত সপ্তাহে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে দুই আইনজীবী রিট আবেদনটি করেন।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।
রুলে হাসপাতালগুলোতে উন্নত ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, রেজিস্ট্রারসহ বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
একই সঙ্গে রাজশাহী মেডিকেলের ওই ঘটনা তদন্তে এক সপ্তাহের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করতে স্বাস্থ্যসচিবের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিকে চার সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এ ছাড়া ওই ঘটনার ব্যাখ্যা জানাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও রেজিস্ট্রারকে আগামী ৫ মার্চ আদালতে হাজির হতে বলা হয়েছে।