সার্জারি ওয়ার্ডে ধনুষ্টংকার আতঙ্ক রোগীরা বারান্দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধনুষ্টংকার (টিটেনাস) আতঙ্কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি পুরুষ ওয়ার্ডটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। আর ওই ওয়ার্ডের রোগীদের রাখা হয়েছে বারান্দায়। গত মঙ্গলবার রাতে ওয়ার্ডটি বন্ধ করে দেওয়া হয়।
কর্তৃপক্ষ বলছে, ধনুষ্টংকার রোগটি সংক্রামক। ওয়ার্ড জীবাণুমুক্ত করার জন্য রোগীদের বারান্দায় রাখা হয়েছে। জীবাণুমুক্ত হতে কমপক্ষে ৪৮ ঘণ্টা সময় লাগবে।
হাসপাতাল সূত্র জানায়, মিঠাপুকুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের অমল চন্দ্র রায় (৬০) ধনুষ্টংকারে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে হাসপাতালের সার্জারি পুরুষ ওয়ার্ডে আসেন। তাঁকে দ্রুত হাসপাতালের সংক্রামক ব্যাধি ওয়ার্ডে স্থানান্তর করা হয়। এদিকে ধনুষ্টংকারে আক্রান্ত হওয়ার খবরে পুরো ওয়ার্ড সংক্রমিত হওয়ার আশঙ্কায় সেখানকার ৫৯ জন রোগীকে চারতলায় ওয়ার্ডের বাইরে বারান্দায় নিয়ে যাওয়া হয়।
গতকাল সকালে সরেজমিনে দেখা গেছে, রোগীদের খোলা বারান্দায় চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীদের অভিযোগ, বারান্দায় তাঁদের ঠাঁই হওয়ায় যখন-তখন তাঁদের পাশ দিয়ে মানুষজন হাঁটাচলা করছে। এতে কষ্ট ও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বারান্দায় ঠাই হওয়া তারাগঞ্জের শফিকুল ইসলাম বলেন, ‘বারান্দা দিয়া খালি মানুষ হাঁটাচলা করে। খোলামেলা হওয়ায় ধুলা ওড়ে।’ সার্জারি ওয়ার্ডের বিভাগীয় প্রধান সৈয়দ আবু তালেব বলেন, টিটেনাস রোগটি সংক্রামক ব্যাধি। অন্য রোগী আক্রান্ত হওয়ার আশঙ্কা এবং ওয়ার্ডটি জীবাণুমুক্ত করার জন্য রোগীদের ওয়ার্ড থেকে বাইরে বের করে বারান্দায় রাখা হয়েছে। হাসপাতালে আর কোনো স্থানও নেই। ওয়ার্ডটি জীবাণুমুক্ত হতে কমপক্ষে ৪৮ ঘণ্টা সময় লাগবে। কখনো কখনো এর বেশি সময়ও লাগে।