সার্জেন্ট আলাউদ্দিনকে বাবরের আইনজীবীর জেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাক অস্ত্র মামলায় সাক্ষী সার্জেন্ট মো. আলাউদ্দিনকে গতকাল বুধবার দিনভর জেরা করা হয়। চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আইনজীবী তাঁকে জেরা করেন।২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাটে অস্ত্র আটকের সময় সার্জেন্ট আলাউদ্দিন সংলগ্ন বন্দর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। ওই রাতে জেটিঘাটে অস্ত্র খালাসের ঘটনা প্রত্যক্ষ করেছিলেন সার্জেন্ট আলাউদ্দিন ও হেলাল উদ্দিন।এর আগে গত ২৯ আগস্ট আদালতে সাক্ষ্য দিয়েছিলেন আলাউদ্দিন। লুৎফুজ্জামান বাবরের আইনজীবীর জেরা শেষে আজ (বৃহস্পতিবার) পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত করেন আদালত। আজ অন্য আসামির আইনজীবীরা আবার আলাউদ্দিনকে জেরা করবেন।২০০৫ সালের ১৮ আগস্ট ঢাকায় পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত অবস্থায় সার্জেন্ট আলাউদ্দিনকে আটক করে র‌্যাব। পরে নোয়াখালীর সুধারাম থানার একটি অস্ত্র মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সার্জেন্ট আলাউদ্দিনকে জেরা শুরু করেন লুৎফুজ্জামান বাবরের আইনজীবী মাহাবুব আহমেদ। জেরার জবাবে তিনি বলেন, ২০০৭ সালের ১৩ নভেম্বর তিনি হাজত থেকে মুক্তি পান। এরপর আসামির আইনজীবী বলেন, ‘আপনি ভুল তথ্য সরবরাহ করে জামিন নেওয়ায় তা বাতিল করা হয়।’ জবাবে সার্জেন্ট আলাউদ্দিন বলেন, ‘জানি না।’ আসামির আইনজীবী বলেন, ‘নোয়াখালীর সুধারাম থানার অস্ত্র মামলা প্রত্যাহারের আশ্বাস এবং মামলার তদন্ত কর্মকর্তার শেখানো মতে আপনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন।’ জবাবে সার্জেন্ট আলাউদ্দিন বলেন, ‘তা সত্য নয়।’ ওই জবানবন্দির বাইরে আরও কিছু বলার প্রয়োজন হলে তা বলার আশ্বাস দিয়ে আপনি চাকরিতে পুনর্বহাল হন—আসামির আইনজীবীর এমন বক্তব্যের জবাবে আলাউদ্দিন বলেন, ‘বিষয়টি সত্য নয়।’মধ্যাহ্ন বিরতির পর বিকেল পাঁচটা পর্যন্ত লুৎফুজ্জামান বাবরের আইনজীবী সাক্ষীকে জেরা করেন। এ সময় গত ২৯ আগস্ট আদালতে দেওয়া সার্জেন্ট আলাউদ্দিনের সাক্ষ্যের বিভিন্ন অংশ উদ্ধৃত করে এসব বক্তব্য ১৬১ ও ১৬৪ ধারার জবানবন্দিতে দিয়েছিলেন কি না, তা জানতে চান আসামিপক্ষের আইনজীবী। জবাবে তিনি বলেন, ‘বলেছিলাম।’বিকেল পৌনে পাঁচটার দিকে মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কামাল উদ্দিন আহাম্মদ দীর্ঘক্ষণ জেরা করার বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, একজন আসামির পক্ষে এত দীর্ঘ সময় জেরা করা তামাশার শামিল। এটা কোনো সাধারণ মামলা নয়।এদিকে গতকাল রাষ্ট্রপক্ষ তিনজন সাক্ষীর পুনঃসাক্ষ্য গ্রহণের জন্য আদালতে লিখিত আবেদন করেন। মামলার মূল অভিযোগপত্রভুক্ত এই তিন সাক্ষী হলেন কর্ণফুলী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার বাদী আহাদুর রহমান, সিইউএফএলের তৎকালীন প্রধান নিরাপত্তা কর্মকর্তা মবিন হোসেন খান এবং সেই সময়ের বন্দর ফাঁড়ির হাবিলদার গোলাম রসুল। মামলার অধিকতর তদন্তের আগে আদালতে তিনজনই একবার করে সাক্ষ্য দিয়েছিলেন। আদালত রাষ্ট্রপক্ষের এই আবেদন গ্রহণ করে সমন জারির আদেশ দেন।এর আগে গতকাল দুপুর ১২টার দিকে সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১০ আসামিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়।