সার্জেন্ট আলাউদ্দিনের জেরা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনার প্রত্যক্ষদর্শী ও মামলার সাক্ষী সার্জেন্ট মো. আলাউদ্দিনের জেরা শেষ হয়েছে।গতকাল মঙ্গলবার চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে তাঁকে দিনভর জেরা করেন আসামি মেজর (অব.) লিয়াকত হোসেনের দুই আইনজীবী। এর আগে গত ২৯ আগস্ট এবং ১৯ ও ২০ সেপ্টেম্বর সার্জেন্ট আলাউদ্দিনকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।জেরা শেষে আজ (বুধবার) পর্যন্ত আদালতের কার্যক্রম মুলতবি করা হয়েছে। গতকাল বেলা পৌনে একটা থেকে দুইটা এবং মধ্যাহ্ন বিরতির পর বিকেল পাঁচটা পর্যন্ত সার্জেন্ট আলাউদ্দিনকে জেরা করেন মেজর (অব.) লিয়াকত হোসেনের আইনজীবী কামরুল ইসলাম ও মো. আহসান। এ সময় আইনজীবীরা সাক্ষীকে ১০ ট্রাক অস্ত্র আটকের রাতের ঘটনা, নোয়াখালীর সুধারাম থানার অস্ত্র মামলা, আদালতে দেওয়া জবানবন্দিসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। ২০০৪ সালে ১ এপ্রিল রাতে চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাটে অস্ত্র আটকের সময় সার্জেন্ট আলাউদ্দিন সংলগ্ন বন্দর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।গতকাল আদালতে আসামিপক্ষের আইনজীবী প্রশ্ন করেন, ‘শনাক্তকরণ মহড়ার পর ২০০১ সালের ২৬ এপ্রিল ও ২ মে দেওয়া জবানবন্দিতে মেজর লিয়াকতই যে আবুল হোসেন সে বিষয়ে কোনো বক্তব্য দেননি।’ এর উত্তরে সার্জেন্ট আলাউদ্দিন বলেন, ‘আবুল হোসেনের কথা বলেছিলাম।’ আইনজীবী প্রশ্ন করেন ২০০৪ সালের ২ এপ্রিল থেকে ২০০৫ সালের ৪ মে পর্যন্ত মেজর লিয়াকত পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত ছিলেন। এ বিষয়ে জানেন? এর উত্তরে আলাউদ্দিন বলেন, ‘এ বিষয়ে জানি না।’ এর আগে দুপুর ১২টার দিকে সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১১ আসামিকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়।