
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ জন্য গতকাল বুধবার তাঁদের ঢাকায় ডেকে আনা হয়। সিআইডির কর্মকর্তারা তনুর পরিবারের পাঁচ সদস্যের সঙ্গে কথা বলেন।
তনুর ভাই আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেছেন, কুমিল্লা সেনানিবাসের সার্জেন্ট জাহিদ ও তাঁর পরিবারের সদস্যদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা। জিজ্ঞাসাবাদের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গতকাল তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় এক অনুষ্ঠানে বলেছেন, এটা একটা তদন্তের অংশ। তদন্তে সত্যিকারের ঘটনা উদ্ঘাটিত হবে। তিনি বলেন, ‘তনু হত্যার তদন্ত করছে সিআইডি। আমি আশা করি সিআইডি তনু হত্যার মূল ঘটনা উদ্ঘাটন করবে।’
গত বছরের ২০ মার্চ রাতে কুমিল্লার ময়নামতি সেনানিবাসের ঝোপজঙ্গল থেকে তনুর লাশ উদ্ধার করা হয়। গত ২০ মাসেও পুলিশ ওই মামলার কোনো কিনারা করতে পারেনি। দীর্ঘ সময়ে আসামি শনাক্ত হয়নি, অভিযোগপত্রও দেওয়া হয়নি। এ অবস্থায় হতাশ পুরো পরিবার।
সিআইডির ডাকে গতকাল সকাল ১০টার মধ্যেই সিআইডির সদর দপ্তরের নতুন ভবনে মামলার বাদী তনুর বাবা ইয়ার হোসেন, মা আনোয়ারা বেগম, তনুর ভাই আনোয়ার হোসেন, চাচাতো বোন লাইজু জাহান ও চাচাতো ভাই মিনহাজ হোসেন হাজির হন।
তনুর ভাই আনোয়ার হোসেন বলেন, ‘বেলা একটায় আমাদের মধ্যে প্রথমে চাচাতো বোন লাইজু জাহানকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর আমাকে এবং পরে চাচাতো ভাই মিনহাজ হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়। সন্ধ্যায় আমার বাবা ইয়ার হোসেনকে ডাকা হয়। এ সময় উপস্থিত ছিলেন মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা ও সিআইডির কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের সহকারী পুলিশ সুপার জালাল উদ্দিন আহম্মদ, আগের তদন্ত কর্মকর্তা সিআইডির কুমিল্লা অফিসের সাবেক পরিদর্শক গাজী ইব্রাহীমসহ অন্য কর্মকর্তারা।’