সার্জেন্ট হেলালকে জেরা শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাক অস্ত্র মামলার দশম সাক্ষী সার্জেন্ট হেলাল উদ্দিনকে গতকাল মঙ্গলবার দেড় ঘণ্টা জেরা করেছেন আসামিপক্ষের দুই আইনজীবী।দুপুর সোয়া ১২টা থেকে পৌনে দুইটা পর্যন্ত চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে আসামি মেজর (অব.) লিয়াকত হোসেনের দুই আইনজীবী সাক্ষীকে জেরা করেন। আইনজীবী কামরুল ইসলাম প্রশ্ন করেন, ‘ঘটনার পরদিনও ট্রলার থেকে অস্ত্র উদ্ধারের বিষয়টি জানেন কি?’ জবাবে সার্জেন্ট হেলাল বলেন, ‘ঘটনার পর কোনো একদিন আটক ট্রলারের ইঞ্জিন ও চেসিস নম্বর দেখতে স্থানীয় দুজন মাঝি ও একজন কনস্টেবল গিয়েছিলেন। তাঁরা ইঞ্জিন কক্ষে দুটি অস্ত্র পান। এ ঘটনায় পতেঙ্গা থানার উপপরিদর্শক মজিদ জব্দ তালিকা করেন। তবে তারিখ আমার মনে নেই।’ এর আগে রোববার ও সোমবার আদালতে সাক্ষ্য দিয়েছিলেন ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনার প্রত্যক্ষদর্শী সার্জেন্ট হেলাল উদ্দিন। তাতে তিনি বলেছিলেন, ২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএল জেটিঘাটে অস্ত্র খালাসের সময় উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার উপপরিচালক মেজর (অব.) লিয়াকত। ঘটনাস্থলে পুলিশের কাছে লিয়াকত নিজেকে উলফা নেতা আবুল হোসেন বলে পরিচয় দেন। এরপর ২০০৯ সালের ২৪ জুন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে শনাক্তকরণ মহড়ায় তিনি মেজর লিয়াকতকে শনাক্ত করেন।