সার্জেন্টের বাসায় ১৯৫ বোতল ফেনসিডিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাঁচ্চর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. রফিকুল ইসলামের বাসা থেকে গতকাল শনিবার ১৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ। এ সময় সার্জেন্টের গাড়িচালক কনস্টেবল ও বাসার কাজের বুয়াকে আটক করা হয়েছে। শিবচর থানার পুলিশ জানায়, পুলিশ গতকাল দুপুরে পাঁচ্চর পুলিশ ফাঁড়ির সার্জেন্ট রফিকুলের বাসায় অভিযান চালায়। এ সময় তাঁর বাসার একটি কক্ষে তল্লাশি চালিয়ে ১৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ঘটনার সময় রফিকুল বাসায় ছিলেন না। তাই তাঁর গাড়িচালক কনস্টেবল টিপু সুলতান (৩৮) ও বাসার কাজের বুয়া রেহেনা আক্তারকে (৪৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। টিপুর বাড়ি নাটোরের উত্তর চৌকিরপাড় গ্রামে। আর রেহেনার বাড়ি কুমিল্লা সদর উপজেলার চান্দুপুর গ্রামে। সার্জেন্টের বাসা থেকে ফেনসিডিল উদ্ধারের কথা স্বীকার করে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, এ ব্যাপারে মাদারীপুর জেলা সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রাসেল শেখকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সার্জেন্ট রফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার বাসায় ফেনসিডিল থাকা বা পাওয়ার ব্যাপারে আমি কিছু জানি না। আমি পারিবারিক কাজে ঢাকায় আছি।’ এএসপি রাসেল শেখ বলেন, অল্প সময়ের মধ্যেই ওই ফেনসিডিল উদ্ধারের ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।