চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়ির কালো কাচের বিরুদ্ধে অভিযান চালানোর সময় এক পুলিশ সার্জেন্টকে মারধর করে তাঁর মাথা ফাটিয়ে দিয়েছেন প্রাইভেটকারের আরোহীরা। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ভাটিয়ারিতে এ ঘটনা ঘটে।
আহত সার্জেন্টের নাম মনির হোসেন। তিনি বারো আউলিয়া হাইওয়ে থানায় কর্মরত। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
ঘটনার বর্ণনা দিয়ে থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ জাকির হোসেন প্রথম আলোকে বলেন, আজ দুপুরে ভাটিয়ারিতে একটি প্রাইভেটকারকে সংকেত দিয়ে থামানো হয়। এ সময় সার্জেন্ট মনিরের সঙ্গে দুজন কনস্টেবল ছিলেন। কালো কাচ থাকায় মামলা দেওয়া হবে বললে গাড়ির আরোহীরা তাঁদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে দুই-তিনজন আরোহী লাঠি দিয়ে মনিরের মাথায় আঘাত করে দ্রুত চলে যান। পরে মনিরকে রক্তাক্ত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মাইক্রোবাসসহ সব ধরনের যানবাহন থেকে কালো কাচ খুলে ফেলতে সম্প্রতি নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় মনে করছে, সম্প্রতি অপহরণ, গুমসহ যেসব ঘটনা বেশি ঘটছে, তাতে মাইক্রোবাসসহ বিভিন্ন গাড়িতে কালো কাচ ব্যবহার করা হচ্ছে। এর ফলে গাড়ির ভেতরে কে আছে, তা শনাক্ত করা যাচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১০ মে পর্যন্ত গাড়ি থেকে কালো কাচ খুলে ফেলার সময়সীমা বেঁধে দেয়। সময়সীমা পেরিয়ে যাওয়ায় কালো কাচ লাগানো যানবাহনের বিরুদ্ধে গতকাল রোববার থেকে অভিযান শুরু করেছে ট্রাফিক পুলিশ।