সার্ধশত রবীন্দ্র জন্মোৎসব যৌথভাবে উদ্যাপন করবে বাংলাদেশ ও ভারত
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী যৌথভাবে উদ্যাপন করবে বাংলাদেশ ও ভারত। গতকাল বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুই দেশের সংস্কৃতিসচিবদের বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়।রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী যৌথভাবে উদ্যাপনের কর্মসূচি চূড়ান্ত করতে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা গতকাল বৈঠক করেন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে (আইআইসি)। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম। ভারতের পক্ষে নেতৃত্ব দেন দেশটির সংস্কৃতিসচিব জহর সরকার।বৈঠকে সিদ্ধান্ত হয়, জন্মবার্ষিকীর অনুষ্ঠান আগামী ৭ মে নয়াদিল্লিতে শুরু হবে এবং ঢাকায় শুরু হবে এর পর দিন। ৭ মে থেকে নয়াদিল্লির বিজ্ঞান ভবনসহ বিভিন্ন সংস্কৃতি কেন্দ্রে শুরু হবে তিন দিনের রবীন্দ্র উৎসব। ভারতের অন্যান্য রাজ্যেও একইভাবে আয়োজন করা হবে অনুষ্ঠান।এ ছাড়া ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে রবীন্দ্রনাথের ছবি প্রদর্শনী শুরু হবে সেপ্টেম্বর মাস থেকে। প্রথম প্রদর্শনী হবে জার্মানিতে। এ ছাড়া হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে রক্ষিত গীতাঞ্জলির মূল সংস্করণটির অবিকল কপি প্রকাশ করার উদ্যোগ নেবে ভারতের কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয়।গত বছরের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরকালে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী যৌথভাবে উদ্যাপনের সিদ্ধান্ত হয়।