সার্বভৌমত্ব ও অখণ্ডতার দায়িত্বের অংশ হিসেবে সরকার এটা করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামের অধিবাসীরা আদিবাসী নয়—সরকারের এ অবস্থানের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির বক্তব্য হচ্ছে, দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা বজায় রাখার দায়িত্ব পালন করতে গিয়ে যাতে কোনো ধরনের ভুল না হয়, সে জন্যই সরকার পদক্ষেপ নিয়েছে। গতকাল মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এক সংবাদ সম্মেলনে দীপু মনির কাছে জানতে চাওয়া হয়, তিন পার্বত্য জেলার অবাঙালি অধিবাসীদের পরিচয় বর্ণনা করার বিষয়ে সরকার কেন এত গুরুত্ব দিচ্ছে।সরকার আদিবাসী প্রসঙ্গটি হঠাৎ সামনে নিয়ে আসছে কেন? এ প্রসঙ্গটি রাষ্ট্রের সার্বভৌমত্ব কিংবা ভৌগোলিক অখণ্ডতার জন্য কোনো হুমকি কি না—এ রকম এক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, ‘দেখুন, একটি সরকার হিসেবে আমাদের ওপর দায়িত্ব রয়েছে দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ব্যাপারে সব সময় সজাগ থাকা এবং তা নিশ্চিত করা। সে ক্ষেত্রে কোথাও যেন কোনো ধরনের ভুল না হয়, কোথাও যেন কোনো ধরনের সমস্যার উদ্ভব না হয়, সময়মতো সে জন্য পদক্ষেপ গ্রহণ করাও সরকারের দায়িত্ব। আমরা আমাদের সেই দায়িত্বই পালন করছি।’ সম্প্রতি বিদেশি কূটনীতিক ও সাহায্য সংস্থার প্রতিনিধিদের ডেকে পররাষ্ট্রমন্ত্রী তিন পার্বত্য জেলার অধিবাসীদের আদিবাসী হিসেবে আখ্যায়িত না করে ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠী হিসেবে উল্লেখ করার পরামর্শ দেন। জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) সাম্প্রতিক অধিবেশনের বিষয়টি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো স্বাধীন দেশ তার জনগণ বা “বিশেষ জনগোষ্ঠীকে” কীভাবে সংজ্ঞায়িত করবে, তা দেশটির একান্ত নিজস্ব ব্যাপার। এ ব্যাপারে চাপ দেওয়ার কোনো এখতিয়ার জাতিসংঘসহ আন্তর্জাতিক কোনো সংস্থার নেই।’ দীপু মনি বলেন, কোনো জনগোষ্ঠীকে এ ধরনের মর্যাদা দেওয়া সংবিধান ও জাতীয় আইনের আওতায় হয়ে থাকে। এ ক্ষেত্রে স্বাধীন রাষ্ট্রের ওপর কোনো বিশেষ স্তর (ক্যাটাগরি) চাপিয়ে দেওয়ার কোনো প্রক্রিয়া অথবা এখতিয়ার কোনো আন্তর্জাতিক ফোরাম এমনকি জাতিসংঘেরও নেই। পররাষ্ট্রমন্ত্রী জানান, গত ২৯ জুলাই ইকোসকের বিশেষ অধিবেশনে জাতিসংঘের আদিবাসীবিষয়ক স্থায়ী ফোরামের (ইউএনপিএফআইআই) কার্যক্রম প্রসঙ্গে বাংলাদেশের প্রস্তাবিত একটি সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। দীপু মনি বলেন, ইকোসকে দাখিল করা পিএফআইআইয়ের ২০১১ অধিবেশন প্রতিবেদনের দুটি অনুচ্ছেদের বিষয়ে তিনটি কারণে আপত্তি জানায় বাংলাদেশ। ‘প্রথমত, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে “আদিবাসী” হিসেবে উল্লেখ করা হয়। এটি স্পষ্টত, ১৯৯৭ সালে বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রামের জনগণের মধ্যে সম্পাদিত চুক্তির আদর্শকে অসম্মান করে। কারণ চুক্তিটিতে ওই এলাকায় বসবাসকারী ক্ষুদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে উপজাতি হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।’‘দ্বিতীয়ত, প্রতিবেদনের দুইটি অনুচ্ছেদ যে সমীক্ষার ভিত্তিতে তৈরি করা হয়েছে তার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা নিয়ে আমরা প্রশ্ন তুলি।’ দীপু মনি বলেন, ‘তৃতীয়ত, ওই ফোরাম জাতিসংঘের সদস্য দেশ হিসেবে বাংলাদেশ সরকারের বক্তব্য তাদের প্রতিবেদনে যথাযথভাবে অন্তর্ভুক্ত না করায় আমরা আপত্তি জানাই।’দীপু মনি দাবি করেন, ‘বাংলাদেশের আপত্তির বিষয়গুলো আদিবাসী ফোরামকে মেনে চলার পরামর্শ দিয়েছে ইকোসক। বাংলাদেশের প্রস্তাব অনুযায়ী, সব সদস্য দেশের সম্মতিতে এই প্রথমবারের মতো ইকোসক এ ধরনের উপদেশ দিয়েছে, যা বাংলাদেশের জন্য একটি বিরাট কূটনৈতিক সাফল্য।’