সার্বভৌমত্বে আঘাত এলে প্রতিঘাত করার ক্ষমতা থাকতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত এলে প্রতিঘাত করার মতো ক্ষমতা বাংলাদেশের থাকতে হবে। তিনি আরও বলেন, ‘আমরা কারও সঙ্গে যুদ্ধ নয়, শান্তি চাই। তবে কেউ যদি আমাদের সার্বভৌমত্বে আঘাত করে, অবশ্যই প্রতিঘাত করার মতো ক্ষমতা থাকতে হবে।’ খবর বাসস ও ইউএনবির।
প্রধানমন্ত্রী গতকাল রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে ভাষণে এসব কথা বলেন। মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন প্রতিরক্ষাসচিব কাজী হাবিবুল আউয়াল। সভায় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, মুখ্য সচিব আবদুস সোবহান শিকাদার, তিন বাহিনীর প্রধানেরা এবং সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৯৭২ সালের ১২ জানুয়ারি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কক্ষে ও চেয়ার-টেবিলে বসে কাজ করতেন, সেই একই কক্ষে ও চেয়ারে বসে গতকাল গণভবনের পাশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন শেখ হাসিনা। ১৯৭২ সালে এই কার্যালয়টিই তৎকালীন সরকারপ্রধানের কার্যালয় হিসেবে ব্যবহূত হতো। এখানে বসেই মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করতেন বঙ্গবন্ধু।
আধুনিক ও যুগোপযোগী সশস্ত্র বাহিনী গঠনের প্রয়োজনীয়তার কথা উল্ল্লেখ করে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাঁর সরকারের লক্ষ্য হচ্ছে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে এমন সশস্ত্র বাহিনী গড়ে তোলা।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনীকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অন্যান্য দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে যোগাযোগ রক্ষা ও কাজ করতে হবে। কাজেই আমরা এমন একটি সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চাই, যারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে।’
প্রধানমন্ত্রী বাংলাদেশের মর্যাদা ও ভাবমূর্তি সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করে দেশ যাতে এর সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে পারে, সেই লক্ষ্যে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দল নির্দিষ্ট সময়ের জন্য ক্ষমতায় আসে, কিন্তু প্রজাতন্ত্রের কর্মকর্তারা আসেন দীর্ঘ সময়ের জন্য।’
শেখ হাসিনা আরও বলেন, জনগণের মৌলিক চাহিদা পূরণ করা আমাদের দায়িত্ব। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, তখনই এই দায়িত্ববোধ থেকেই জনগণের জন্য কাজ করেছে। সরকারি কর্মচারী-কর্মকর্তাদের ওপরই সরকারের সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন নির্ভরশীল। কাজেই আমরা ঐক্যবদ্ধভাবে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে দেশকে আরও এগিয়ে নিতে পারব।