সার্বিক অংশীদারত্বের সূচনা হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল জাপানের জাতীয় প্রেসক্লাবের সভাপতির হাতে গ্রামবাংলার এই চিত্রকর্মটি তুলে দেন । ছবি: বাসস
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল জাপানের জাতীয় প্রেসক্লাবের সভাপতির হাতে গ্রামবাংলার এই চিত্রকর্মটি তুলে দেন । ছবি: বাসস

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে অনুষ্ঠিত খুবই ফলপ্রসূ আলোচনায় দুই দেশের মধ্যে সার্বিক অংশীদারত্বের সূচনা করা সম্ভব হয়েছে। জাপান সফরের শেষ দিনে গতকাল বুধবার টোকিওতে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷
শেখ হাসিনা জানান, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে চলতি বছরের আগস্ট মাসে বাংলাদেশ সফর করতে পারেন৷ আবের সম্ভাব্য সেই সফর বাস্তবায়িত হলে তিনি হবেন ১৪ বছরের ব্যবধানে বাংলাদেশ সফরে যাওয়া জাপানের প্রথম প্রধানমন্ত্রী।
এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ভারতে যারাই সরকার গঠন করুক না কেন, দেশটির পররাষ্ট্রনীতি নিজস্ব ধারা অনুসরণ করে চলে৷
সফরসহ বিভিন্ন দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরার পাশাপাশি জাপানি ও বিদেশি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে লিখিত ভাষণে তিনি বাংলাদেশ-জাপান মৈত্রীর সম্পর্কের সংক্ষিপ্ত পটভূমি তুলে ধরার পাশাপাশি এই সফরের তাৎপর্য ব্যাখ্যা করেন৷ সংবাদ সম্মেলনের সঞ্চালক ছিলেন জাতীয় প্রেসক্লাবের মহাসচিব শু-ইচি হাবু।
সংবাদ সম্মেলনে শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে অনুষ্ঠিত আলোচনাকে ‘খুবই ফলপ্রসূ’ আখ্যা দেন৷ তিনি দুই দেশের মধ্যে শান্তিরক্ষা, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে বিভিন্ন সহযোগিতা ও মতৈক্যের কথা তুলে ধরেন৷ তিনি জানান, জাতিসংঘের শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় দুই দেশের সহযোগিতার প্রতীক হিসেবে বাংলাদেশে একটি শান্তি প্রতিষ্ঠা কেন্দ্র গড়ে তোলায় জাপান আবারও সমর্থনের আশ্বাস দিয়েছে। নিরস্ত্রীকরণ, পরমাণু অস্ত্রের বিস্তার রোধ এবং বিশ্বশান্তিতে বাংলাদেশের অঙ্গীকারের প্রতীক হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন আণবিক বোমার শিকার নাগাসাকি নগরের শান্তি উদ্যানে বাংলাদেশ শান্তির একটি ভাস্কর্য তৈির করবে৷ আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে ঋণের আকারে অতিরিক্ত আরও ৬০ হাজার কোটি ইয়েন সাহায্যের জাপািন প্রতিশ্রুতির কথাও আবার উল্লেখ করেন তিনি৷
দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, বাণিিজ্যক ভারসাম্য জাপানের অনুকূলে থাকায় এই ভারসাম্যহীনতা কাটিয়ে তুলতে বাংলাদেশ বেশ কিছু সুপারিশ করেছে৷ এর মধ্যে রয়েছে তৈির পোশাকের উৎসসংক্রান্ত নিয়মাবলি শিথিল করা এবং অন্যান্য পণ্যের শুল্কমুক্ত প্রবেশের সুযোগ দেওয়া৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী আবে প্রতিশ্রুতি দিয়েছেন, জাপানের সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষ এসব অনুরোধ আন্তরিকভাবে বিবেচনা করে দেখবে। বাংলাদেশে ৫ জানুয়ারির সাধারণ নির্বাচনের উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সংবিধান অনুসরণ করে নিরপেক্ষ একটি নির্বাচন কমিশনের অধীনে তা অনুষ্ঠিত হয়েছে।
প্রশ্নোত্তরপর্বে ভারতসহ বিভিন্ন বিষয়: প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত লিখিত ভাষণের পর সঞ্চালক নিজের একটি প্রশ্নের মধ্য দিয়ে প্রশ্নোত্তরপর্বের সূচনা করেন। জাপান সফরে আসার আগে দেশটির কয়েকটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে জাপান ও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা করা সম্পর্কে এক প্রশ্নের উত্তরে বলেছিলেন, বন্ধুপ্রতিম রাষ্ট্র জাপানের জন্য বাংলাদেশ সব রকম ত্যাগ স্বীকার করতে প্রস্তুত৷ এর পরিপ্রেক্ষিতে সঞ্চালক জানতে চান, এ বক্তব্যের মাধ্যমে প্রতিযোগিতা থেকে বাংলাদেশ জাপানের অনুকূলে সরে দাঁড়ানো বোঝাবে কিনা।
শেখ হাসিনা এর সরাসরি জবাব না দিয়ে বলেন, তিনি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন৷ আশা করছেন সম্ভবত আগামী আগস্ট মাসে সেই সফর বাস্তবায়িত হবে। ঠিক এ মুহূর্তে এ প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করতে চাইছেন না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জাপানের প্রধানমন্ত্রীর সফর বাস্তবায়িত হওয়ার সময় কোনো একটা সুখবর হয়তো পাওয়া যাবে।
কিওদো বার্তা সংস্থার প্রতিনিধি জানতে চান, প্রতিবেশী ভারতে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী শক্তির সরকার গঠনকে বাংলাদেশ সরকার কীভাবে দেখছে এবং ভারতের এ নতুন সরকারের নীতিমালা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বাধা হয়ে দাঁড়াবে কিনা।
জবাবে শেখ হাসিনা বলেন, ভারত হচ্ছে বাংলাদেশের নিকটতম প্রতিবেশী এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভিত্তি হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব আর কারও সঙ্গে শত্রুতা নয়। নিকট-প্রতিবেশীদের মধ্যে মতপার্থক্য দেখা দেওয়া খুবই স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, পারস্পরিক আস্থাবোধ যে এ রকম সব প্রতিবন্ধকতা দূর করে দিতে সক্ষম, ভারতের সঙ্গে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তির মধ্য দিয়ে দুই প্রতিবেশী দেশ সব সময় তা প্রমাণ করতে পেরেছে। ভারতে যারাই সরকার গঠন করুক না কেন, দেশটির পররাষ্ট্রনীতি নিজস্ব ধারা অনুসরণ করে চলে এবং তিনি আশা করছেন, নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে প্রতিবেশীদের সঙ্গে ভালো বোঝাপড়া ধরে রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। শেখ হাসিনা আরও বলেন, স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তার নিজস্ব অবস্থান ধরে রাখবে। দারিদ্র্য ভারত ও বাংলাদেশ উভয়ের অভিন্ন শত্রু এ কথা উল্লেখ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, এ অভিন্ন শত্রুর বিরুদ্ধে একসঙ্গে যুদ্ধ করা অব্যাহত রাখতে পারবেন বলে তিনি আশা করছেন।
সময়ের স্বল্পতার কারণে সঞ্চালককে প্রশ্নোত্তরপর্ব দুটি প্রশ্নে সীমিত রাখতে হয়। জাতীয় প্রেসক্লাবের পক্ষে সঞ্চালক এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মারক উপহার দেন৷ বাংলাদেশের প্রধানমন্ত্রীও প্রেসক্লাবের জন্য বাংলাদেশের শিল্পীর আঁকা একটি ছবি উপহার দেন।
পিতার স্বাক্ষর দেখে আবেগপ্রবণ: প্রেসক্লাবের অতিথি মন্তব্যের খাতায় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাক্ষর দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন শেখ হাসিনা৷ জাপান সফরকালে ১৯৭৩ সালের ২৯ অক্টোবর সেই খাতায় স্বাক্ষর করেছিলেন তখনকার প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান৷ প্রেসক্লাবে বক্তব্য দেওয়ার সময় শেখ হাসিনা বিষয়টি উল্লেখ করে বলেন, ‘এক বিস্ময় এখানে আমার জন্য অপেক্ষা করছিল, যা আমাকে আবেগপ্রবণ করে তুলেছে৷ একটু আগে আমাকে স্বাগত জানানোর পর ক্লাবের কর্মকর্তারা ৪০ বছর আগের অতিথি মন্তব্যের খাতার একটি পাতা আমার সামনে তুলে ধরেন৷ আমার পিতা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে এই প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে এসে তাতে স্বাক্ষর করেছিলেন। এই জাপানে প্রয়াত পিতার নিজের হাতে লেখা ছোট সেই মন্তব্য আর স্বাক্ষর দেখে আমি আবেগপ্রবণ হয়ে পড়ি। ১৯৭৩ সালের সেই অতিথি মন্তব্য খাতা সযত্নে সংরক্ষণ করার জন্য আপনাদের আমি জানাই আন্তরিক ধন্যবাদ।’
আ.লীগ অপরাধীদের প্রশ্রয় দেয়নি: প্রধানমন্ত্রী অপরাধীদের বিরুদ্ধে তাঁর কঠোর অবস্থানের কথা উল্লেখ করে বলেন, তাঁর দল অতীতেও অপরাধীদের প্রশ্রয় দেয়নি, ভবিষ্যতেও দেবে না। তিনি বলেন, এক ধরনের লোক আছে যারা সব সময় সরকারি দল করে। তারা সরকার এলে ভোল পাল্টে সরকারি দল হয়ে যায়। তিনি বলেন, ‘এখন যারা এসব ঘটনা ঘটাচ্ছে, তারা জামায়াত-শিবিরের লেবাস ও ভোল পাল্টে আওয়ামী লীগ, যুবলীগে আশ্রয় নিয়েছে। এরা যুবলীগের ভেতরে এসে যত অপকর্ম, খুন-খারাবি, সন্ত্রাস করে যাচ্ছে।’ প্রধানমন্ত্রী টোকিওর হোটেল অকুরাতে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।
দেশের উদ্দেশে রওনা: জাপানে চার দিনের সফর শেষে প্রধানমন্ত্রী গতকাল রাতে দেশের উদ্দেশে রওনা হয়েছেন।