সার্বিকভাবে এবারের ভোট শান্তিপূর্ণ হয়েছে: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে অনিয়ম ও সহিংসতা এবং শতাধিক লোকের প্রাণহানি সত্ত্বেও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ দাবি করেছেন, কিছু অনিয়ম ও গুটি কয়েক মারামারি ছাড়া সার্বিকভাবে এবারের ভোট শান্তিপূর্ণ হয়েছে।
গতকাল শনিবার ষষ্ঠ ধাপের নির্বাচন শেষে বিকেলে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে সিইসি এ দাবি করেন।
সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে কি না বা আপনারা সন্তুষ্ট কি না—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, এটা সন্তুষ্টি বা অসন্তুষ্টির বিষয় নয়। ভালোভাবে নির্বাচন পরিচালনা করাটা বড় দায়িত্ব। প্রার্থীদের কর্মীদের মধ্যে মারামারি এবং যেকোনোভাবে জয়ী হওয়ার প্রবণতার কারণে প্রাণহানি ঘটেছে। তবে প্রথম ধাপের পর থেকে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি ঘটেছে।
নির্বাচনে এত সহিংসতা ও প্রাণহানির দায় কার—এ প্রশ্নের জবাবে কাজী রকিবউদ্দীন বলেন, এ অবস্থা থেকে উত্তরণের জন্য সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে। সামাজিক অস্থিরতা বেড়েছে। মানুষের মধ্যেও অসহিষ্ণুতা ও অস্থিরতা বেড়েছে। এখন যে অবস্থা চলছে, তাতে সব জিনিসের দাম বাড়ছে। কমছে একমাত্র মানুষের জীবনের দাম। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজেদের যোগ্য প্রার্থী মনে করেন। তাঁরা যেকোনোভাবেই হোক জিততে চান।
লিখিত বক্তব্যে সিইসি দাবি করেন, কয়েকটি অনিয়ম ও সংঘাত ছাড়া গতকাল শেষ ধাপে সারা দেশে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। অনিয়মের কারণে ৩৬টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। কমিশনের কঠোর নির্দেশ ও পদক্ষেপে এবারের নির্বাচনে রাতের বেলায় ব্যালট পেপারে সিল মারার অপসংস্কৃতি বন্ধ হয়েছে।
আওয়ামী লীগ ২২৪২, বিএনপি ৩০৫: গতকাল কমিশন সচিবালয় থেকে জানা যায়, পঞ্চম ধাপ পর্যন্ত ৩ হাজার ২৯৩টি ইউপির ফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৮৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। দলগুলোর মধ্যে আওয়ামী লীগ ২ হাজার ২৪২, বিএনপি ৩০৫, জাতীয় পার্টি ৪০, জাসদ ৬, জেপি ৪, ওয়ার্কার্স পার্টি ৩, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২ এবং জমিয়তে উলামায়ে ইসলাম ও জাকের পার্টি একটি করে ইউপিতে জয় পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ১ হাজার ৩৭৬ ইউপিতে। অনিয়মের কারণে ৯৬টি ইউপির নির্বাচন স্থগিত রয়েছে।