সার্ভারে সমস্যা, আজ পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে গতকাল সোমবার লেনদেন নিষ্পত্তিতে জটিলতা দেখা দিয়েছে। ফলে আজ মঙ্গলবার পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকতে পারে বলে জানা গেছে।ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক সূত্র জানায়, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সার্ভারে সমস্যার কারণে এই জটিলতা দেখা দিয়েছে। গতকাল রাত সাড়ে ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত লেনদেন নিষ্পত্তি হয়নি।বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ এ হাফিজ প্রথম আলোকে বলেন, ‘সিডিবিএলে সমস্যার কারণে রাত সাড়ে ১০টা নাগাদ লেনদেন নিষ্পত্তি সম্পন্ন হয়নি। সমস্যা সমাধানে কাজ চলছে।’সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম এইচ সামাদ বলেন, ‘সিডিবিএলের সার্ভারে সমস্যার কারণে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক থেকে সোমবারের লেনদেন সংশ্লিষ্ট ব্রোকারের ক্লিয়ারিং হিসাবে জমা করা সম্ভব হয়নি। সমস্যা সমাধানে সিঙ্গাপুর ও মুম্বাইয়ের কারিগরি সহায়তা নিয়ে সিডিবিএলের কারিগরি দল কাজ করে যাচ্ছে।’সামাদ আরও বলেন, কারিগরি সমস্যার বিষয়টি নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) জানানো হয়েছে। আজ লেনদেন হবে কি না, তা এসইসি সিদ্ধান্ত নেবে।