সার্ভে করপোরেশনের এমডি কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অর্থ পাচারের মামলায় জিওডেটিক সার্ভে করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী গোলাম কবিরের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গতকাল রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর শুনানি শেষে এ আদেশ দেন।
দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, নগরের কোতোয়ালি থানার অর্থ পাচার আইনের মামলার অভিযোগপত্রভুক্ত আসামি প্রকৌশলী গোলাম কবির আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে তাঁর জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুদকের আইনজীবী বলেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) খাতুনগঞ্জ শাখা থেকে ২০১২ সালের জুন মাসে আলী আব্বাস নামের এক ব্যক্তি ১৮ কোটি ১৮ লাখ ৪৬ হাজার টাকার ঋণ নেন খাদ্যশস্য আমদানির জন্য ঋণপত্র (এলসি) খুলতে। তিনি তাঁর কিছু সম্পত্তি ব্যাংকে বন্ধকও দেন। ঋণ দেওয়ার আগে ইউসিবিএল ব্যাংক কর্তৃপক্ষ জিওডেটিক সার্ভে করপোরেশনের মাধ্যমে বন্ধকি সম্পত্তির কাগজপত্র যাচাই-বাছাই করে। সার্ভে করপোরেশন ঋণ দেওয়ার জন্য সুপারিশ করে। এর পরিপ্রেক্ষিতে ব্যাংক ঋণ মঞ্জুর করে। কিন্তু তার আগেই ওই সব সম্পত্তি অন্য ব্যাংকে বন্ধক ছিল।