সালথা ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নে দুস্থ ব্যক্তিদের মধ্যে ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ১০ কেজির পরিবর্তে তাঁদের আট থেকে সাড়ে আট কেজি করে চাল দেওয়া হয়েছে। গত রোববার সকাল থেকে দুপুরের মধ্যে ওই চাল বিতরণ করা হয়।
একই দিন বিকেলে ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবন থেকে আধা কিলোমিটার দূরে সোনাপুর বাজারে নূরু মোল্লার দোকানে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বাস রাসেল হোসেন। তিনি ওই দোকান থেকে ভিজিএফের (ভালনারেবল গ্রুপ ফিডিং) ২৫ বস্তা চাল জব্দ করেন। প্রতি বস্তায় ৫০ কেজি করে সেখানে এক হাজার ২৫০ কেজি চাল আছে। ইউএনও দোকানটি সিলগালা করে দিয়েছেন।
স্থানীয় ব্যক্তিরা জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নে এক হাজার ১৭৭ জন দুস্থ ব্যক্তির সাহায্যের জন্য ১১ হাজার ৭৭০ কেজি (প্রত্যেককে ১০ কেজি করে) ভিজিএফের চাল বরাদ্দ দেয় সরকার।
সোনাপুরের রায়ের চর গ্রামের সাইদুল মোল্লা প্রথম আলোকে বলেন, ‘আমাদের ১০ কেজির জায়গায় সাড়ে আট কেজি করে চাল দেওয়া হয়েছে।’ একই অভিযোগ করেন চান্দ্রাখোলা গ্রামের লাল মিয়া।
ইউএনও বিশ্বাস রাসেল হোসেন বলেন, ‘সোনাপুর ইউনিয়ন পরিষদ থেকে নছিমনে করে ভিজিএফের চাল সোনাপুর বাজারে নুরু মোল্লার দোকানে রাখা হয় বলে স্থানীয় লোকজন আমাকে জানান। আমি ঘটনাস্থলে গিয়ে ২৫ বস্তা চাল জব্দ করি। একই সঙ্গে দোকানটি সিলগালা করে দিই।
ঘটনার পর থেকে সোনাপুর ইউপি চেয়ারম্যান আবু জাফর মোল্লা মুঠোফোন বন্ধ করে রাখায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
সোনাপুর ইউপি সচিব সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘১৭৫ জনের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা বাকি আছে। সেই চাল ইউপি ভবনে মজুদ করা হয়েছে। বাজারের দোকানে কীভাবে চাল পাওয়া গেল সে ব্যাপারে আমি কিছু জানি না।’
চাল কম দেওয়ার ব্যাপারে সচিব দাবি করেন, আট কেজি নয়, বিভিন্ন খরচের কারণে পৌনে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে।