সালথা সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মামলা

ফরিদপুরের সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মণের (৪৫) বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করা হয়েছে। ফরিদপুরের পাঁচ নম্বর আমলি আদালতে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান এ মামলা করেন।
রাকিবুল হাসানের আইনজীবী বিশ্বজিৎ গাঙ্গুলি প্রথম আলোকে বলেন, ওই আদালতের বিচারিক হাকিম মো. সুমন হোসেন মামলাটি আমলে নিয়ে তা গোয়েন্দা পুলিশকে তদন্ত করার আদেশ দিয়েছেন। এ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ২ আগস্ট। বিশ্বজিৎ গাঙ্গুলি আরও বলেন, ‘অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মণ তাঁর কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙাননি। আমাদের সংবিধান অনুযায়ী প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে জাতির পিতার ছবি টাঙানো বাধ্যতামূলক। ওই অধ্যক্ষ তাঁর কক্ষে বঙ্গবন্ধুর ছবি না টাঙিয়ে সংবিধান লঙ্ঘন করেছেন।’
মোবাইল নম্বর বন্ধ থাকায় এ ব্যাপারে কৃষ্ণ চন্দ্র বর্মণের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে কথা হয়েছে তাঁর স্ত্রী সরস্বতী বর্মণের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, কলেজে অধ্যক্ষের কক্ষটি স্থানান্তর করার কাজ চলছিল। এ জন্য বঙ্গবন্ধুর ছবিটি নামিয়ে রাখা হয়েছিল। তিনি আরও বলেন, ‘১ জুলাই কলেজে নবীনবরণ ছিল। পরদিন ছাত্রলীগের ছেলেরা অধ্যক্ষের কক্ষে এসে একই কারণে কৃষ্ণ চন্দ্রকে লাঞ্ছিত করেন।’
ফরিদপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, ‘আদালতের আদেশ আমরা এখনো পাইনি। আদেশ পাওয়ার পর এ ব্যাপারে তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।’