সালথায় সংঘর্ষে ওসিসহ অর্ধশতাধিক আহত
ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ও গোট্টি ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে তিনজন পুলিশ কর্মকর্তাসহ উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। গত রোববার সালথা সেতু এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল গ্রাম ও গোট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের মধ্যে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। জয়ঝাপ উচ্চবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে জয়ঝাপ দল একটি গোল করলে অফসাইডের অজুহাত তুলে ভাওয়ালের খেলোয়াড়েরা তা মানতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এর জের ধরে শনিবার রাতে ভাওয়ালের লোকজন সালথা বাজারে জয়ঝাপ গ্রামের তিন ব্যক্তিকে মারধর করেন। রোববার সকালে সালথা বাজারে গোট্টি ইউনিয়নের মোরেরহাট গ্রামের আরও তিনজনকে মারধর করা হয়।
এ খবর ছড়িয়ে পড়লে বেলা ১১টার দিকে দুই ইউনিয়নের সহস্রাধিক লোক দেশি অস্ত্র নিয়ে সালথা সেতুর দুই পাড়ে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত স্থায়ী এ সংঘর্ষে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফসারউদ্দিন ও দুজন সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। আহত ব্যক্তিদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর জেনারেল হাসপাতাল, নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এদিকে সংঘর্ষ ঠেকাতে গোট্টি ইউনিয়নের কাউলীকান্দা প্রাথমিক বিদ্যালয়ে এক সমঝোতা বৈঠকে যোগ দিতে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বাস রাসেল হোসেন। পরে র্যাব ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে।
সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন জানান, সংঘর্ষ থামাতে গিয়ে ওসি মো. আফসারউদ্দিনের ডান চোখে আঘাত লাগে। তাঁকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার জাতীয় চক্ষু ইনস্টিটিউটে স্থনান্তর করা হয়। এ ছাড়া দুই এএসআই মো. রুবেল ও মো. মোশাররফ আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় এসআই মো. ফরহাদ হোসেন বাদী মামলা করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিংহ প্রতাপ গ্রামের তাইজুদ্দিনের ছেলে আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।