ফরিদপুরের সালথা উপজেলার গোট্টি ইউনিয়নের লক্ষ্মণদিয়া গ্রামে গত সোমবার সন্ধ্যায় আ ত ম হালিমের সমর্থকদের ঘরবাড়িতে সাজেদাপন্থীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় হালিম-সমর্থক ১৪টি পরিবারের ১৯টি বসতঘর ভেঙে তছনছ করে দেওয়া হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য মেজর (অব.) আ ত ম হালিম ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এরপর সাজেদার সমর্থকেরা লক্ষ্মণদিয়া গ্রামে হালিম-সমর্থকদের বাড়ি থেকে বের না হতে হুমকি দেন। সোমবার ছিল পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বিনোকদিয়া হাটবার। লক্ষ্মণদিয়া গ্রাম থেকে ওই হাটের দূরত্ব আধা কিলোমিটার। ওই হাটে হালিম-সমর্থক শহীদ মাতুব্বর ও সুরুজ মিয়া যান। হাটে তাঁদের সঙ্গে সাজেদা-সমর্থকদের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যায় তেহারদ্দিন মাতুব্বরের নেতৃত্বে দুই শতাধিক লোক ঢাল-সড়কিসহ নানা দেশীয় অস্ত্র নিয়ে লক্ষ্মণদিয়া গ্রামে হালিম-সমর্থকদের বাড়িঘরে হামলা ও লুটপাট করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ১৪টি পরিবারের ১৯টি বসতঘরের সব আবাস তছনছ ও লুটপাট করেছে। এ সময় অন্তত ১০ জন আহত হন। তাঁদের মধ্যে সাতজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হামলায় মুকুল শেখের দুটি বসতঘর তছনছ হয়েছে। মুকুল শেখের স্ত্রী তাসলিমা বেগম সাংবাদিকদের বলেন, ‘আমাদের অপরাধ, আমরা মেজর হালিমকে সমর্থন করি। আমার ঘরের সব মাল লুটপাট করে নিয়ে গেছে। ঈদ তো পরের কথা, রোজার বাকি দিনগুলো কীভাবে কাটাব, সেটাই ভাবছি।’
হামলার শিকার শহীদ শেখ বলেন, তেহারদ্দিন সন্ত্রাসী প্রকৃতির লোক। তিনি উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য হওয়ার পর আরও বেপরোয়া হয়ে উঠেছেন। তাঁর নেতৃত্বেই এই তাণ্ডব চালানো হয়েছে।
হামলার কথা স্বীকার করে তেহারদ্দিন প্রথম আলোকে বলেন, ‘মিথ্যে বলব না, আমরা বাড়িঘরে হামলা করেছি এবং তাতে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।’ তিনি দাবি করেন, সোমবার বিকেলে বিনোকদিয়া বাজারে শহীদ শেখের লোকজন তাঁর তিন ছেলেসহ চারজনকে মারধর করেছে। এর প্রতিবাদে তাদের বাড়িঘরে হামলা চালানো হয়। তিনি বলেন, ‘ওরা হালিমের সমর্থক। ওদের সঙ্গে আমাদের কখনোই বনিবনা হয় না।’
তেহারদ্দিন আরও বলেন, ‘আমি সংসদ উপনেতার এপিএস জামাল মিয়ার আত্মীয় (ভগ্নিপতি)। থানায় আমার দেওয়া মামলাই গ্রহণ করা হবে। অন্য কেউ মামলা করতে এলেও তা নেওয়া হবে না।’