সালথায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতন্দী ও বল্লভদী গ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। গতকাল বুধবার সকাল ও দুপুরে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।আহত ব্যক্তিদের মুকসুদপুর ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় বাড়িঘর ভাঙচুর, অর্থ ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন খন্দকার ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী দেলোয়ার হোসেনের মধ্যে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার সকালে দুই পক্ষের কয়েক শ লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশত লোক আহত হয়। এ সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।সংঘর্ষে গুরুতর আহত ইকরাম শেখ (৪০), সাহেদ মুন্সী (৪৫), আবু তালেব (১৮), মো. কামরুল (২৮), মো. আজিজল (৩২) ও মো. সাজ্জাদকে (১৮) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহীন খন্দকার বলেন, ‘কাজী দেলোয়ারের সমর্থকেরা আমাদের ওপর হামলা করেছে। তারা এলাকায় আধিপত্য বিস্তার করতে গিয়ে এ হামলার ঘটনা ঘটিয়েছে।’কাজী দেলোয়ার হোসেন বলেন, ‘শাহীন নব্য আওয়ামী লীগার। তাঁর সমর্থকেরা আমার বাড়িতে হামলা করেতে এলে আমার সমর্থকেরা প্রতিহত করে।’ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফসার উদ্দীন বলেন, কোনো পক্ষই এখন পর্যন্ত মামলা করেনি।