সালথায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে আইনজীবীর দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সানোয়ার হোসেন (৩৫) নামের এক আইনজীবীকে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড ও আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এই আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম মো. আসাদুজ্জামান।
সানোয়ার হোসেন ফরিদপুর জজ আদালতের আইনজীবী। তিনি ভাওয়াল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মমতাজ পারভীনের ভাশুর। সানোয়ার দাবি করেন, ‘আমাকে হয়রানি করার জন্য অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে।’
নির্বাহী হাকিম মো. আসাদুজ্জামান বলেন, সানোয়ার হোসেনকে বৃহস্পতিবার দুপুরে ভাওয়াল ইউনিয়নের দড়জাপাড়া গ্রামে তাঁর ভাইয়ের স্ত্রী মমতাজ পারভীনের পক্ষে টাকা বিতরণের সময় আটক করা হয়। পরে তাঁকে এক দিনের কারাদণ্ড ও আট হাজার টাকা জরিমানা করে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। আজ শনিবার সালথা উপজেলার আটটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।