সালথায় দুই পক্ষের সংঘর্ষ, একজন নিহত
ফরিদপুরের সালথা উপজেলায় গত বৃহস্পতিবার দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। এর জের ধরে গতকাল শুক্রবার আবার হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। যদুনন্দী ইউনিয়নের বড়খাড়দিয়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে যদুনন্দী ইউনিয়নের বড়খাড়দিয়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় সুলতানীয়া দাখিল মাদ্রাসার তত্ত্বাবধায়ক হাবিবুর রহমানের পক্ষের লোকজনের সঙ্গে অপর বাসিন্দা টুনু মিয়ার পক্ষের লোকজনের সংঘর্ষ বাধে। সংঘর্ষ প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়। উভয় পক্ষের শত শত লোক ঢাল, কাতরা, রামদাসহ বিভিন্ন অস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা চালান। এ সময় বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। উভয় পক্ষে ৩৫ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর ১৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের বিভিন্ন এলাকার হাসপাতালে ভর্তি করা হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর বৃহস্পতিবার রাতে মো. আলমগীর ফকির (২৫) নামের এক ব্যক্তি মারা যান। তিনি টুনু মিয়ার সমর্থক বলে এলাকাবাসী জানান। যদুনন্দী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আ. রব মোল্লা প্রথম আলোকে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা সংঘর্ষে লিপ্ত হয়। আলমগীরের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে গতকাল সকালেই ধরপাকড়ের ভয়ে হাবিবুর পক্ষের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যান। এ সুযোগে টুনু মিয়ার লোকজন এসে তাঁদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট শুরু করেন।