সালথায় দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত
ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন।গত বুধবার দিবাগত রাত সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামে। এ ঘটনায় ছয়জন আহত হন। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। সোনাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল কুদ্দুস মোল্লা জানান, ফুকরা গ্রামের আওয়ামী লীগ-সমর্থক ফারুক হোসেন মিয়া ও বিএনপি-সমর্থক কাওসার আলী মাতুব্বরের মধ্যে বিরোধ চলে আসছিল। সমপ্রতি ফারুকের সমর্থক মোকসেদ খানকে (৬০) কাওসার আলীর সমর্থকেরা তাঁদের দলে টানার চেষ্টার ঘটনায় বচসা থেকে বুধবার রাতে ফুকরা গ্রামে সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে সালথা থানার পুলিশ ঘটনাস্থলে এসে সংঘর্ষকারীদের হটিয়ে দেয়। এ ঘটনায় ফারুকের সমর্থক মোকসেদ খান ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া ফারুকের মা মরিয়ম বেগম এবং সমর্থক সালাম হোসেন গুরুতর আহত হন। সালামকে রাতেই ঢাকায় স্থানান্তর করা হয়। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফসারউদ্দীন বলেন, গতকাল বৃহস্পতিবার ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।