সালথায় দুই প্রার্থী এক সমর্থককে জরিমানা
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ফরিদপুরের সালথার দুই ইউপি চেয়ারম্যান প্রার্থী ও এক সমর্থককে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতি ও বুধবার রাতে এ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম মো. আছাদুজ্জামান মিয়া।
আদালত ভাওয়াল ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. ফারুকুজ্জামানকে তিন হাজার টাকা, সোনাপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. খায়রুজ্জামানের সমর্থক মো. ইকবাল হোসেনকে দুই হাজার টাকা এবং গট্টি ইউনিয়নের আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থী ফজলুল মতিন বাদশাকে ছয় হাজার টাকা জরিমানা করেন।
আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ভাওয়াল বাজারের একটি নির্বাচনী ক্যাম্পে মাইক বাজিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণা চালানো হচ্ছিল। এ জন্য ওই প্রার্থীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। একই দিন সোনাপুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের প্রার্থীর সমর্থক মো. ইকবাল হোসেনকে ফুকরা বাজার এলাকায় প্রচারপত্র সাঁটানোর দায়ে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে গত বুধবার রাত পৌনে নয়টায় গট্টি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফজলুল মতিন বাদশার সমর্থনে বালিয়া বাজার এলাকায় মাইকে নির্বাচনী প্রচারণা চালানোর দায়ে ওই প্রার্থীকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
২৮ মে সালথা উপজেলার গট্টি, সোনাপুর ও ভাওয়াল ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।