সালথায় প্রধান শিক্ষককে পিটিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে এক প্রধান শিক্ষককে পিটিয়ে জখম করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সালথা উপজেলার গোট্টি ইউনিয়নের রাহুতপাড়া গ্রামের গোট্টি উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ওই বিদ্যালয়ের দুই শিক্ষকের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন আহত প্রধান শিক্ষক সায়েদুর রহমান।
সায়েদুর রহমান বলেন, ‘বিদ্যালয়ে বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান বিভাগে দুজন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। আমি কমিটি গঠন করে শিক্ষক নিয়োগের প্রস্তাব দিই। কিন্তু সহকারী প্রধান শিক্ষক কে এম সোবাহান ও সহকারী শিক্ষক আতিয়ার রহমান মোটা টাকার বিনিময়ে আইনবহির্ভূতভাবে দুই ব্যক্তিকে শিক্ষক হিসেবে নিয়োগের প্রস্তাব দেন। আমি সে প্রস্তাব নাকচ করে দিলে তাঁরা ক্ষুব্ধ হন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ে গিয়ে দেখতে পাই বিদ্যালয়ের বিভিন্ন কক্ষে তালা ঝুলছে। পরে ওই দুই শিক্ষকের নেতৃত্বে ১০-১২ জন বহিরাগত হকিস্টিক ও ক্রিকেট খেলার ব্যাট দিয়ে আমার মাথা ও পিঠে আঘাত করে।’
অভিযোগ অস্বীকার করে কে এম সোবাহান বলেন, ‘বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ না দেওয়ায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ। গতকাল ওই শিক্ষার্থীরাই বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয় এবং প্রধান শিক্ষকের ওপর হামলা করে। আমি হামলা থেকে প্রধান শিক্ষককে বাঁচানোর চেষ্টা করেছিলাম।’
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া বলেন, সহকারী প্রধান শিক্ষকসহ দুই শিক্ষকের নেতৃত্বে হামলার এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ব্যাপারে প্রধান শিক্ষককে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বাস রাসেল হোসেন বলেন, কে এম সোবাহান ও আতিয়ার রহমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফজলুর মতিনকে পরামর্শ দেওয়া হয়েছে।