ফরিদপুরের সালথা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুলিশের বাধা উপেক্ষা করে দুই দল গ্রামবাসীর তিন দিনব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এ সময় প্রতিপক্ষের বসতবাড়িতে অগ্নিকাণ্ড, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। গুরুতর আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত তিন দিনে উপজেলার গট্টি ইউনিয়নের কাঁঠালবাড়িয়া ও লক্ষণদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ সংঘর্ষে আশপাশের আরও পাঁচটি গ্রামের লোক অংশ নেয়।
গ্রামবাসী সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গট্টি ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামের আবু মাতুব্বর ও তাঁর প্রতিপক্ষ মিন্টু মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সন্ধ্যায় আবু মাতুব্বরের সমর্থক ইউনুছ শেখকে মারধর করে প্রতিপক্ষের লোকজন। প্রতিবাদে মিন্টু মিয়ার সমর্থকদের চারটি দোকান ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে আবু মাতুব্বরের সমর্থকেরা। পরদিন পুলিশের বাধা উপেক্ষা করে সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই গ্রামে সংঘর্ষ চলে। গতকাল বৃহস্পতিবার পার্শ্ববর্তী লক্ষণদিয়া গ্রামে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সকাল থেকে দুপুর পর্যন্ত উভয় পক্ষের সমর্থকেরা পুলিশের বাধা উপেক্ষা করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় সালথা থানার পুলিশ ও র্যা ব রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিন দিনের এই সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। এ ছাড়া রাবার বুলেটেও তিনজন আহত হয়। আহত ১২ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বৃহস্পতিবারের সংঘর্ষ চলাকালে গত বছর দুর্বৃত্তদের হাতে নিহত লক্ষণদিয়া গ্রামের বাসিন্দা ও মিন্টু মিয়ার সমর্থক উপজেলা আওয়ামী লীগের সদস্য তেহারউদ্দীন মাতুব্বরের বসতবাড়ি পুড়িয়ে দেয় প্রতিপক্ষ। এ ছাড়া অর্ধশতাধিক বসতবাড়ি ভাঙচুর ও ঘরে থাকা মালামাল লুটে নেয় প্রতিপক্ষের লোকজন। এ সময় আবু মাতুব্বরের সমর্থক গট্টি ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলুর ওপর হামলা করে প্রতিপক্ষ।
এ ব্যাপারে নিহত তেহার উদ্দীন মাতুব্বরের স্ত্রী ও হত্যা মামলার বাদী ভানু বেগম বলেন, ‘তেহার উদ্দীন মাতুব্বর হত্যা মামলার আসামি কামরুল ও বকুল জামিনে মুক্তি পেয়ে বাড়িতে ফিরে এই মামলা প্রত্যাহারের জন্য আমাকে চাপ দেয়। মামলা প্রত্যাহার না করায় গট্টি ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমানের নেতৃত্বে তার বাড়ি পুড়িয়ে দিয়েছে। এ ছাড়া তার ৩৫ জন সমর্থকের বসতবাড়িতে হামলা করে ও মালামাল লুটে নেয়।’
এ ব্যাপারে গট্টি ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘আমরা মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে চাপ দিইনি। এ ছাড়া তারাই তাদের রান্নাঘর ও খড়ের পালায় আগুন দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমার ও আমার ২৫ সমর্থকের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে।’
ঘটনার সত্যতা স্বীকার করে নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার এফ এম মহিউদ্দীন বলেন, পুলিশের বাধা উপেক্ষা করে এসব হামলা হয়েছে। র্যা ব ও পুলিশ শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার ও গত বুধবার দুই দিনে ১৩৭টি গুলি ছোড়া হয়েছে। এ ছাড়া ১৩ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডি এম বেলায়েত হোসেন বলেন, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১৩ জনকে আটক করা হয়েছে। গতকাল বিকেল পর্যন্ত বিবদমান কোনো পক্ষই থানায় কোনো অভিযোগ দেয়নি। তবে বিকেলে ভ্রাম্যমাণ আদালত আটক ১৩ জনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন।