সালথায় সেই বাবার ঝুলন্ত লাশ উদ্ধার
ফরিদপুর কোতোয়ালি থানার গেরদা ইউনিয়নের জাহিদুজ্জামানের বাড়ির পাশের একটি বরইগাছ থেকে সোমবার ভোরে দিনমজুর আবুল বাশারের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। আবুল বাশারের বিরুদ্ধে পাঁচ বছরের মেয়েকে পানিতে চুবিয়ে হত্যা, আড়াই বছরের ছোট মেয়েকে হত্যা চেষ্টার অভিযোগ রয়েছে। তাঁর বাড়ি সালথা উপজেলার রামকান্তপুর গ্রামে।ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, দুই দিন আগে আবুল বাশার জাহিদুজ্জামানের বাড়িতে এসে কামলার কাজ শুরু করেন। সোমবার সকালে গলায় গামছা বাঁধা অবস্থায় তাঁর ঝুলন্ত লাশ পুলিশ উদ্ধার করে। এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।সালথা থানার ওসি আফসারউদ্দীন জানান, নিজের মেয়েকে হত্যার ঘটনায় অনুশোচনা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।