সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথা উপজেলায় মো. নায়েস ব্যাপারী নামের স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। গত মঙ্গলবার রাতে সালথা মডেল উচ্চবিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।

নায়েস ব্যাপারীর (৪২) বাড়ি সালথা গ্রামে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক।

আহত ব্যাক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, নায়েস মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে সালথা বাজার থেকে হেঁটে নিজ বাড়ি ফিরছিলেন। সালথা মডেল উচ্চবিদ্যালয়ের কাছে ছয়-সাতজনের একটি দল তাঁর ওপর হামলা চালায়। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে আশপাশের লোকজন ছুটে এসে নায়েসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক দুজন প্রত্যক্ষদর্শী বলেন, নায়েস জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে আয়মন আকবর ওরফে বাবলু চৌধুরীর অনুসারী। তিনি মঙ্গলবার রাত আটটার দিকে সালথা বাজারে আওয়ামী লীগের প্রতিপক্ষের নেতা-কর্মীদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেন। এরপরই তিনি ওই হামলার শিকার হন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা মো. নূরুল ইসলাম বলেন, নায়েসের মাথা, দুই হাত ও পেটে জখম রয়েছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য গতকাল বুধবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুপুরে সালথা থানার ওসি এ কে এম আমিনুল হক বলেন, এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ দেননি।