সালদা গ্যাসক্ষেত্র এলাকায় অবস্থান ধর্মঘট শুরু
সালদা গ্যাসক্ষেত্র থেকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরসহ আশপাশের এলাকায় গ্যাসের সংযোগসহ পাঁচ দফা দাবিতে গতকাল রোববার দুই দিনব্যাপী অবস্থান ধর্মঘট শুরু হয়েছে। সর্বদলীয় গ্যাস সংযোগ বাস্তবায়ন কমিটির উদ্যোগে স্থানীয় হাজার হাজার নারী-পুরুষ এই ধর্মঘট পালন করে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সালদা গ্যাসক্ষেত্র এলাকায় গতকাল সকাল থেকে লোকজন জমায়েত হতে থাকে। উপজেলা সদর থেকে আসে বিশাল একটি অংশ। তারা কয়েক শ মোটরসাইকেল, অটোরিকশা, মাইক্রোবাস ও বাসযোগে ১২ কিলোমিটার দূরে সালদা গ্যাসক্ষেত্র এলাকায় পৌঁছায়। তারা সবাই দুপুর দেড়টা পর্যন্ত গ্যাসক্ষেত্র এলাকায় অবস্থান ধর্মঘট পালন করে। এ সময় পুলিশ ও আর্মড পুলিশের বিপুলসংখ্যক সদস্য গ্যাসক্ষেত্রের চারপাশে অবস্থান নেন। পরে গ্যাসক্ষেত্র এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সর্বদলীয় গ্যাস সংযোগ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কাজী আজহারুল ইসলাম, এম জি হাক্কানী, আবু জাহের, ইকলিল আজম, মনিরুল হক, মো. শরীফুল ইসলাম ভূঁইয়া, মো. বিল্লাল হোসেন, জিয়াসমিন আক্তার প্রমুখ।সমাবেশ শেষে গ্যাস সংযোগ বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক এম জি হাক্কানী প্রথম আলোকে বলেন, ১৯৯৮ সালে সালদার গ্যাস কসবায় সংযোগ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়। কিন্তু তা আজও বাস্তবায়িত হয়নি। তিনি বলেন, ‘এটি আমাদের অধিকার। এই অধিকার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’ কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ কবীর বলেন, যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি সকাল থেকেই সালদা গ্যাসক্ষেত্র এলাকায় অবস্থান করেন।সালদা গ্যাসক্ষেত্র সূত্রে জানা যায়, নতুন করে খনন করা তৃতীয় কূপের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে ওই কূপ থেকে ১৫ থেকে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ ছাড়া চতুর্থ কূপ খননের কাজ হাতে নেওয়া হয়েছে।