ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরসহ আশপাশের এলাকায় গ্যাস-সংযোগসহ পাঁচ দফা দাবিতে এলাকাবাসীর দুই দিনব্যাপী অবস্থান ধর্মঘট গতকাল সোমবার শেষ হয়েছে। ধর্মঘট শেষে গতকাল সালদা গ্যাসক্ষেত্র এলাকায় সমাবেশ করা হয়। ওই দাবিতে কাল বুধবার সমাবেশের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে। সালদা গ্যাসক্ষেত্র এলাকায় স্থানীয় লোকজন গতকাল সকাল থেকে জড়ো হতে থাকে। পরে বিপুলসংখ্যক নারী-পুরুষ উপজেলা সদর থেকে কয়েক শ মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাস ও বড় বাস নিয়ে ১২ কিলোমিটার দূরে সালদা গ্যাসক্ষেত্রে যায়। তারা রাস্তায় বসে পড়ে। দুপুর দুইটা পর্যন্ত চলে তাদের এ অবস্থান ধর্মঘট। এ সময় সমাবেশে কসবা সর্বদলীয় গ্যাস-সংযোগ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া সভাপতিত্ব করেন। বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার মেয়র মুহাম্মদ ইলিয়াছ, আওয়ামী লীগ নেতা কাজী আজহারুল ইসলাম, এম জি হাক্কানী, আবু জাহের, ইকলিল আজম, মনিরুল হক প্রমুখ।