সালমা হত্যার বিচার দাবিতে মানববন্ধন স্মারকলিপি
নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের সাহাপুর গ্রামের গৃহবধূ সালমা আক্তারের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই কর্মসূচিতে কয়েক শ নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০০৭ সালে সদর উপজেলার দেবীপুর গ্রামের মানিক মিয়ার ছেলে মাকছুদুর রহমানের সঙ্গে সালমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য মাকছুদুর সালমাকে নির্যাতন করতে থাকেন। এরই ধারাবাহিকতায় গত ৩০ ডিসেম্বর সালমাকে ব্যাপক নির্যাতন করা হয়। পরে তাঁকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৩১ ডিসেম্বর ওই হাসপাতালে গিয়ে সালমার আত্মীয়স্বজনেরা তাঁকে মৃত দেখতে পান। এ ঘটনায় সালমার মা মোবাশ্বেরা বেগম সালমার স্বামীসহ শ্বশুরবাড়ির পাঁচজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। কিন্তু পুলিশ এখনো পর্যন্ত সালমার স্বামীকে গ্রেপ্তার করতে পারেনি।সালমার মা অভিযোগ করেন, সালমার স্বামী মাকছুদুরের পরিবারের লোকজন উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে তাঁদের মামলা প্রত্যাহারের জন্য চাপ ও হত্যার হুমকি দিচ্ছে। তিনি এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী মাকসুদ বলেন, মামলার প্রধান আসামি মাকছুদুর রহমান ছাড়া অন্যরা উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। মাকছুদুরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।