সালমান এফ রহমানকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাক অস্ত্র মামলায় ব্যবসায়ী সালমান এফ রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। আর চিত্রপরিচালক আজমল হুদা মিঠু মারা যাওয়ায় তাঁকে জিজ্ঞাসা করা যায়নি।গতকাল মঙ্গলবার আসামিপক্ষের জেরার জবাবে এ মামলার সর্বশেষ তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান চৌধুরী এসব কথা বলেন।চট্টগ্রাম মহানগর ট্রাইব্যুনাল-১-এ গতকাল তদন্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান চৌধুরীকে জেরা করেন এনএসআইয়ের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিমের আইনজীবী কামরুল ইসলাম।আইনজীবী: কোন জাহাজের মাধ্যমে অস্ত্রের চালান পরিবহন করা হয়েছে, তা চিহ্নিত করা হয়নি। জাহাজটি যে চিহ্নিত করা সম্ভব নয়, তা কিন্তু অভিযোগপত্রে উল্লেখ করা হয়নি। এটা কি ঠিক?তদন্ত কর্মকর্তা: অভিযোগপত্রে যা লেখা আছে, সেটাই আমার বক্তব্য।আইনজীবী: এ মামলার আগের তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার ইসমাইল হোসেন সঠিকভাবে তদন্ত চালিয়ে যাচ্ছিলেন। আর এই অস্ত্রগুলো এমভি বঙ্গ বোরাকে করে আনা হয়, যার মালিক সাবের হোসেন চৌধুরীর বড় ভাই সাঈদ হোসেন চৌধুরী। এ বিষয়টি ধামাচাপা দিতে ইসমাইল হোসেনকে সরিয়ে দিয়ে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে আপনাকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তদন্ত কর্মকর্তা: এই বক্তব্য সঠিক নয়।আইনজীবী: আদালত পর্যবেক্ষণে বলেছেন যে সার্জেন্ট আলাউদ্দিন ও সার্জেন্ট হেলালউদ্দিন কীভাবে দুটি অস্ত্র সরিয়েছেন, তা নির্ধারণ করতে। আপনি এই পর্যবেক্ষণের কোনো তদন্ত করেননি।তদন্ত কর্মকর্তা: এটা সঠিক নয়। আইনজীবী: নোয়াখালীর সুধারামে যে অস্ত্র উদ্ধার হয় তার গায়ে ৫৬ লিখে ক্রম নম্বর দেওয়া হয়েছে। আর কয়লার ডিপোতে (১০ ট্রাক অস্ত্র চালানের অংশবিশেষ) যে অস্ত্র উদ্ধার হয়েছে, তার গায়েও ৫৬ লেখা আছে। এই অস্ত্রগুলো সার্জেন্ট হেলালউদ্দিন ও সার্জেন্ট আলাউদ্দিন কয়লার ডিপো থেকে সরিয়ে বিক্রি করে দেন, যা সুধারাম থেকে উদ্ধার হয়।তদন্ত কর্মকর্তা: এটা সঠিক নয়।আইনজীবী: আদালত মামলাটি অধিকতর তদন্তের আদেশ দিয়েছিলেন। অর্থাৎ পূর্বের বিচারাধীন আসামি বা যেসব সাক্ষীর জবানবন্দি ও জেরা গৃহীত হয়েছে, তাঁদের আবার জিজ্ঞাসাবাদের নির্দেশনা ছিল না। আপনি (তদন্ত কর্মকর্তা) ওই আসামি ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করেছেন, যা অধিকতর তদন্তের নামে মামলাটি আসলে পুনঃতদন্ত হয়েছে। তদন্ত কর্মকর্তা: এটা ঠিক নয়। আমি আদালতের নির্দেশনা মেনেই মামলাটি অধিকতর তদন্ত করেছি। আইনজীবী: ব্যবসায়ী সালমান এফ রহমান ও চিত্রপরিচালক আজমল হুদা মিঠুসহ অনেকের সঙ্গে ঢাকার সেইফ হাউসে উলফা নেতা পরেশ বড়ুয়ার ওঠাবসা ছিল। এই মামলায় সালমান এফ রহমান ও আজমল হুদা মিঠুকে কি জিজ্ঞাসাবাদ করেছেন? তদন্ত কর্মকর্তা: আজমল হুদা মিঠু মারা যাওয়ায় তাঁকে জিজ্ঞাসা করার সুযোগ হয়নি। আর সালমান এফ রহমানকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন ছিল না। জেরার একপর্যায়ে তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী আদালতকে বলেন, অপ্রাসঙ্গিক কিছু প্রশ্ন করা হচ্ছে। এভাবে প্রশ্ন করা হলে সব কিছুর জবাব দেওয়া সম্ভব নয়।দুপুর ১২টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত টানা জেরা চলে। পরে জেরা অসমাপ্ত রেখে আগামী ১৩ আগস্ট পর্যন্ত আদালত মুলতবি করেন বিচারক এস এম মজিবুর রহমান।২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার জেটি ঘাটে সমুদ্রপথে আনা অস্ত্রের চালানটি ধরা পড়ে। এ ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র ও চোরাচালান আইনে দুটি মামলা হয়।