সালমান রহমানের মামলার কার্যক্রম স্থগিত
১৯৯৬ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনায় সালমান এফ রহমানের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. রুহুল আমিন এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি মাকসুদুর রহমান জানান, গতকাল সালমান এফ রহমানসহ তিন আসামির অনুপস্থিতিতে ফৌজদারি কার্যবিধির ৩৩৯-এর খ-এর ২ ধারা অনুযায়ী বিচারকাজ চলবে বলে সাক্ষ্য গ্রহণ করেন আদালত। মামলার বাদী সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের তৎকালীন নির্বাহী পরিচালক এম এ রশিদ খানের আংশিক সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।
তবে বিকেলে আসামিপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন হাইকোর্ট কর্তৃক মামলার কার্যক্রম স্থগিত-সংক্রান্ত এক আদেশ দাখিল করেন। আদালত তা গ্রহণ করে মামলার কার্যক্রম স্থগিতের আদেশ দেন।
মামলার অন্য আসামিরা হলেন বেক্সিমকো লিমিটেডের চেয়ারম্যান সোহেল এফ রহমান ও ব্যবস্থাপনা পরিচালক ডি এইচ খান।
২০১০ সালের ১০ আগস্ট সালমান এফ রহমানসহ তিন আসামির বিরুদ্ধে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ২৫ ধারায় আদালত অভিযোগ গঠন করেন। এ আদেশের বিরুদ্ধে আসামিপক্ষ হাইকোর্টে রিট করে। ওই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট স্থগিতাদেশ দেন। ১৯৯৬ সালে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের তৎকালীন নির্বাহী পরিচালক এম এ রশিদ খান এই মামলা করেন।