সালমার আত্মহত্যার কারণ খোঁজার আহ্বান আশরাফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানা প্লাজার আহত পোশাকশ্রমিক সালমার আত্মহত্যার বিষয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ তথ্যনির্ভর ও সঠিক নয় বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

আজ শনিবার বিকেলে দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা  জানানো হয়েছে।বিবৃতিতে সৈয়দ আশরাফ অবিলম্বে সালমার আত্মহত্যার প্রকৃত কারণ উদঘাটন করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সালমার আত্মহত্যার প্রকৃত কারণ উদঘাটনে বাধাগ্রস্ত করার জন্যই তার চিকিত্সার অভাব ও আর্থিক অনটনের কথা উল্লেখ করা হয়েছে।আমরা অবিলম্বে সালমার আত্মহত্যার প্রকৃত কারণ উদঘাটন করার জন্য প্রশাসনকে আহ্বান জানাচ্ছি।’

আশরাফ বলেন, রানা প্লাজায় আহত ব্যক্তিদের সরকার সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় চিকিত্সা দিয়েছে এবং এই চিকিত্সার পাশাপাশি সব বিষয়ে নবম পদাতিক ডিভিশনের সশস্ত্র বাহিনীর সদস্যরা তদারকি করেছেন।সংবাদে প্রকাশ করা হয়েছে সালমার চিকিত্সার জন্য সরকারি ও বিভিন্ন সাহায্য সংস্থা থেকে মাত্র এক লাখ ২০ হাজার টাকা পেয়েছিল, যা সত্য নয়।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকেই সালমাকে চিকিত্সার জন্য পর্যাপ্ত অর্থ প্রদান করা হয়েছে এবং চিকিত্সার পরও তিনি যাতে সুন্দর জীবন যাপন করতে পারেন সেই রূপ ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী নিজে এবং বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থার মাধ্যমে আর্থিক সহযোগিতা করেছেন।

আশরাফ দাবি করেন, আর্থিক দৈন্যদশার কারণে সালমার চিকিত্সায় ব্যাঘাত হয়েছে বলে যে মন্তব্য করা হয়েছে, তা মনগড়া ও সঠিক নয়।

আওয়ামী লীগের এই শীর্ষস্থানীয় নেতা প্রশ্ন রেখে বলেন, ‘এত দিন যেহেতু তিনি সুন্দরভাবে জীবন যাপন করছিলেন তাতেই প্রমাণিত হয়, তার চিকিত্সার বা অর্থের অভাব ছিল না।তা ছাড়া হঠাত্ কি কারণে এ মাসে সাভার থেকে তুরাগে বাসা পরিবর্তন করেছে তা কারোরই বোধগম্য নয়।সাভারে থাকার সময় দীর্ঘ প্রায় ১০ মাসেও সালমা আত্মহত্যার সিদ্ধান্ত না নিলেও তুরাগে এসে মাত্র ২৪ দিনে কি এমন হলো যে সালমাকে আত্মহত্যা করতে হলো? এমনকি সালমা যাতে আগামী দিনে সুন্দর জীবন যাপন করতে পারে সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী তাকে পর্যাপ্ত সাহায্য করেছেন।যা সালমার ব্যাংক অ্যাকাউন্টে খোঁজ নিলেই জানা যাবে।’