সালমার দেবর ও ভাশুর কারাগারে
রামদা দিয়ে কুপিয়ে সালমার দুই পা কেটে এবং এক হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন করে ফেলেন সালমার দেবর রেজাউল ব্যাপারী। আর এ কাজে সহায়তা করেন সালমার ভাশুর আবদুল হক ব্যাপারী। গতকাল মঙ্গলবার মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই দুজন জামিনের জন্য গেলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গতকাল সালমার চাচাতো ভাই মাহবুব মোর্শেদ টেলিফোনে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। গত ২৫ অক্টোবর মাদারীপুরের রাজৈর থানার পূর্ব সরমঙ্গল গ্রামে এলোপাতাড়ি কোপানো হয় গৃহবধূ সালমাকে।
২৬ অক্টোবর সালমার এক বোনের স্বামী বাদী হয়ে রাজৈর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা রাজৈর থানার উপপরিদর্শক (এসআই) আফসার উদ্দীন মোল্লা জানান, হত্যার চেষ্টায় মারধরের মামলাটিতে আবদুল হক ব্যাপারী, রেজাউল ব্যাপারী ও এলিনা বেগমকে আসামি করা হয়।
চিকিৎসা শেষে বর্তমানে সালমা রাজধানীতে আইন ও সালিশ কেন্দ্রের আশ্রয়কেন্দ্রে আছেন।