সালাউদ্দিন ও মুজাহিদের মৃত্যু পরোয়ানা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ
সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যু পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে এ পরোয়ানা জারি করা হয়।
ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শহীদুল আলম ঝিনুক সাংবাদিকদের বলেন, ‘গতকাল রাত ৮টার দিকে আমরা সুপ্রিম কোর্ট থেকে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় দুটি পাই। আজ রায় দুটি ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করা হয়। ট্রাইব্যুনালের তিন বিচারপতি মৃত্যু পরোয়ানা প্রস্তুত করে তাতে স্বাক্ষর করেন। এরপর এটি কারা কর্তৃপক্ষ এবং আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হবে।’
ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ কথা বলার পরপরই ​এই পরোয়ানা বিশেষ বার্তা বাহকের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ট্রাইব্যুনালের তিন বিচারপতি হলেন আনোয়ারুল হক, মো. শাহিনুর ইসলাম ও মো. সোহরাওয়ারদী।
গতকাল দুপুরে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখা থেকে সাকা চৌধুরী ও মুজাহিদের আপিলের পূর্ণাঙ্গ রায় দুটি প্রকাশিত হয়। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, এর মধ্য দিয়ে এ দুজনের বিরুদ্ধে রায় কার্যকরের প্রক্রিয়া শুরু হয়ে গেল। তবে ১৫ দিনের মধ্যে আসামিরা রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করার সুযোগ পাবেন।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গত ১৬ জুন মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন। একই বেঞ্চ গত ২৯ জুলাই সাকা চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির আদেশ বহাল রাখেন। এই বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

মুজাহিদের আপিলের ১৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় লিখেছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বেঞ্চের অন্য সদস্যরা এ রায়ের সঙ্গে একমত হয়েছেন। আর সাকা চৌধুরীর আপিলের ২১৭ পৃষ্ঠার রায় লিখেছেন প্রধান বিচারপতি। বেঞ্চের অন্য সদস্যরা তাঁর সঙ্গে একমত প্রকাশ করেছেন।

সাকা চৌধুরী ও মুজাহিদ দুজনেই কারাগারে রয়েছেন। একাত্তরে মুক্তিযুদ্ধকালে বুদ্ধিজীবী হত্যার দায়ে ২০১৩ সালের ১৭ জুলাই মুক্তিযুদ্ধকালে আলবদর বাহিনীর নেতা মুজাহিদকে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল-২। আর মুক্তিযুদ্ধকালে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে একই বছরের ১ অক্টোবর সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল-১। তাঁরা দুজনেই ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছিলেন।

অার ও পড়ুন :-