বিএনপির সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সংসদে টানা অনুপস্থিতি আজ রোববার ৯০ দিনে পড়ছে। গত বছরের ৪ এপ্রিল তিনি সর্বশেষ সংসদে যোগ দিয়েছিলেন। সংবিধান অনুযায়ী কোনো সাংসদ টানা ৯০ কার্যদিবস সংসদে অনুপস্থিত থাকলে তাঁর সদস্যপদ শূন্য হয়ে যাবে।বিভিন্ন দাবিতে প্রধান বিরোধী দল বিএনপি দীর্ঘ সময় ধরে সংসদ বর্জন করে আসছে। তবে দলটি কয়েকবার সংক্ষিপ্ত সময়ের জন্য সংসদে যোগ দিয়েছে। কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরী কারাগারে আটক রয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি তিনি আইনজীবীর মাধ্যমে স্পিকারের কাছে একটি চিঠি পাঠান। চিঠিতে তিনি প্যারোলে মুক্তির মাধ্যমে সংসদ অধিবেশনে যোগ দেওয়ার ব্যবস্থা করার অনুরোধ জানান স্পিকারকে। বিষয়টি স্পিকারের এখতিয়ারে নেই বলে তিনি তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেন।স্পিকার আবদুল হামিদ এ ব্যাপারে প্রথম আলোর প্রশ্নের জবাবে বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরীর কারাগার থেকে সংসদে যোগ দিতে চান উল্লেখ করে সংসদকে অবহিত করেছেন, তাই এ ব্যাপারে চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে।’