সালাম দিয়ে ডাকে কালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁ পা পুরোটাই কেটে ফেলতে হয়েছে। বাঁ হাতের চার আঙুলও কাটা। এক পা আর এক হাতের কর্মক্ষমতা হারিয়ে একজন মানুষকে দাঁড়াতে গেলেই তো কারও না কারও সহায়তা নিতে হয়। জীবনের বাকি দিনগুলো তো চলবে দয়াদক্ষিণায়। কিন্তু না, তার বেলায় ব্যতিক্রম।এক পায়ে ভর করে জীবনসংগ্রামে নেমে পড়ল। কোনো কাজ জুটল না বলে শেষে ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত করল নিজেকে। যেমন করে সে হাত-পা হারিয়েছিল, ঠিক তেমনই করে করছে জীবিকার সন্ধান। ছেলেটির নাম আবুল কালাম (১৭)। সিলেট-কানাইঘাট সড়কে চলাচলকারী লেগুনার হেলপার কালামকে দেখে সতর্ক থাকে সড়কপথে চলাচলকারী ছোট-বড় যানচালকসহ যাত্রীরা। কালাম বলল, ‘আমি সালাম দিয়ে পেসিঞ্জার ডাকি। সালাম দিলেই তারা আমার দিকে তাকায়। জানতে চায়। এর পর তারা সতর্ক থাকে!’কালামের পৈতৃক বাড়ি কুমিল্লায়। বাবা-মায়ের সঙ্গে ছোটবেলা থেকে সিলেট শহরতলির খাদিমনগর এলাকায় ভাড়া বাসায় থাকে। চার ভাই দুই বোনের সংসার। দুই বোনের বিয়ে হয়েছে। বাবা মারা যাওয়ার পর কালামের বড় তিন ভাই বিয়ে করে পৃথক হয়ে যান। কালাম থাকে মায়ের কাছে। খাদিমনগরের দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে। ২০০৭ সালের ফেব্রুয়ারিতে কুমিল্লা থেকে বাড়ি ফিরছিল ট্রেনে করে। ট্রেনের দরজার পাশে একটি শিকল ধরে বসেছিল। হঠাৎ হাত ফসকে চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে যায়। কাটা পড়ে তার বাঁ পা। হাতের চারটি আঙুল শিকলে ধরা অবস্থায় থেঁতলে যায়। একটানা ছয় মাস ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়ে ক্র্যাচে ভর দিয়ে বাড়ি ফেরে কালাম। ঘরে অসুস্থ মা। আয়-রোজগারের কোনো পথ নেই। কালাম ক্র্যাচে ভর করে কর্মসংস্থানের খোঁজ করে। কিন্তু কোনো কাজ না পেয়ে ২০০৮ সাল থেকে সিলেট-কানাইঘাট সড়কে চলাচলকারী যাত্রীবাহী লেগুনার হেলপার হিসেবে দৈনিক মজুরিভিত্তিক কাজ নেয়। কালামের গাড়ির চালক রশিদ আহমদ বলেন, ‘গত পাঁচ বছরে কালাম ছয়টি গাড়ির হেলপারি করেছে। সর্বশেষ তার গাড়িতে প্রায় নয় মাস ধরে আছে। পেসেঞ্জারদের প্রতি কালামের মায়া দেখে আমি সন্তুষ্ট।’কালামের মা কাঞ্চনবালা জানান, এত বড় দুর্ঘটনার পরও কালাম হাত পাতেনি। শরীর খাটিয়ে রোজগার করছে। তিনি বলেন, ‘গাড়িত লটকা-লটকির (ঝুলে) কামে (পেশা) আমার ভয় অয়। এ ছাড়া কোনো কাম পাইল না বইলা পুয়া আমার কষ্ট করে। আল্লায় তারে রক্ষা করুক।’