সালাম পিন্টুর আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী আবদুস সালাম পিন্টুর দুই ভাই টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এই দুই ভাই হচ্ছেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও জেলা বিএনপির সভাপতি শামছুল আলম তোফা।  সুলতান সালাউদ্দিন কয়েক মাস ধরে কারাগারে আছেন। তাঁর পক্ষে তাঁর অপর ভাই আবুল কালাম আজাদ ও দলীয় নেতা–কর্মীরা গতকাল বুধবার টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। পরে শামছুল আলম নিজে মনোনয়নপত্র জমা দেন। বিএনপি এ দুজনকেই মনোনয়ন দিয়েছে। ২০০৮ সালের নির্বাচনে সুলতান সালাউদ্দিন এ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

প্রসঙ্গত, টাঙ্গাইল-২ আসন থেকে আবদুস সালাম পিন্টু ১৯৯১, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ নির্বাচিত হন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জড়িত থাকার অভিযোগে ২০০৮ সালের জানুয়ারিতে তিনি গ্রেপ্তার হন। গত অক্টোবরে এ মামলায় তাঁর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।