নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
সালাম হলে বহিরাগত যুবকদের তাণ্ডব, ১৫ শিক্ষার্থী আহত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ আবদুস সালাম হলে হামলা-ভাঙচুর ও লুটপাট চালিয়েছে অস্ত্রধারী শতাধিক বহিরাগত যুবক। তারা পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে ১৫ শিক্ষার্থীকে। চারতলা হলের বিভিন্ন কক্ষের দরজা-জানালার কাচ, চেয়ার-টেবিল ও আসবাব ভাঙচুর করেছে তারা। এ সময় লুট করেছে বেশ কয়েকটি ল্যাপটপ, মুঠোফোন সেট ও টাকা। গতকাল শনিবার বেলা আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত হলে তাণ্ডব চলে।
হামলার শিকার কয়েকজন শিক্ষার্থী জানান, বিজয় দিবসের রাতে (গত শুক্রবার) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হলে বিশেষ খাবারের (বিরিয়ানি) ব্যবস্থা করে। খাবার পাওয়া না-পাওয়া নিয়ে ছাত্রলীগ নেতা আবদুল হামিদ এবং সাজ্জাদ প্রোমেলের অনুসারীদের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। এর জের ধরে গতকাল দুপুরে প্রায় এক শ বহিরাগত যুবক অস্ত্র নিয়ে হলে তাণ্ডব চালায়। হামলাকারীদের সঙ্গে হামিদের কয়েকজন অনুসারীও ছিলেন। শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কোনো কমিটি নেই। নতুন করে কমিটি গঠনকে কেন্দ্র করেও দুই পক্ষের মধ্যে কয়েক দিন ধরেই চাপা উত্তেজনা বিরাজ করছিল। হামলার সঙ্গে কমিটি গঠন নিয়ে সৃষ্ট উত্তেজনাও কাজ করেছে বলে তাঁরা ধারণা করছেন।
অভিযোগ উঠেছে, বহিরাগত যুবকদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীও ছিলেন। তাঁরা ছাত্রলীগের এক পক্ষের নেতা-কর্মী। হামলার সময় হলে অবস্থানকারী ছাত্ররা আতঙ্কে দিগ্বিদিক ছুটতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার ঘটনায় আটক করা হয়েছে একজনকে।

হামলার প্রত্যক্ষদর্শী অন্তত চারজন শিক্ষার্থী নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে বলেন, বেলা আড়াইটার দিকে হঠাৎ করে প্রায় এক শ বহিরাগত সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। তারা দুভাবে বিভক্ত হয়ে আবদুস সালাম হলে প্রবেশ করে এলোপাতাড়ি হামলা-ভাঙচুর ও তছনছ করতে থাকে। শিক্ষার্থীরা বলেন, হামলাকারীরা ছাত্রদের টাকা ও বেশ কয়েকটি মুঠোফোন ও ল্যাপটপ লুট করে নিয়ে যায়। এ সময় সাধারণ ছাত্ররা বাধা দিলে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয় কমপক্ষে ১৫ জনকে।
এদিকে হামলায় আহত তিন শিক্ষার্থীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন সত্যজিৎ (২২), বিপ্লব (২২) ও পাভেল (২২)। আহত অন্য শিক্ষার্থীরা শহরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, পুলিশ ক্যাম্পাসে যাওয়ার সঙ্গে সঙ্গে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।
তাণ্ডবের শিকার কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেছেন, এই হামলার সঙ্গে ছাত্রলীগ নেতা আবদুল হামিদ জড়িত। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে প্রথম আলোর কাছে দাবি করেন, কমিটি গঠন নিয়ে সাজ্জাদ ও রিয়েলের নেতৃত্বে এই হামলা-ভাঙচুর হয়েছে।
হামিদের অভিযোগের বিষয়ে সাজ্জাদ ও রিয়েলের সঙ্গে গতকাল রাতে মুঠোফোনে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়।
এদিকে হামলার ঘটনায় জড়িত বহিরাগত যুবকদের পাশাপাশি ইন্ধনদাতাদের গ্রেপ্তার ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে গতকাল বিকেলে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
হামলার বিষয়ে ভাষাশহীদ আবদুস সালাম হলের প্রভোস্ট মোহাম্মদ ইউসুফ মিঞা প্রথম আলোকে বলেন, বহিরাগত সন্ত্রাসীরা হলে যে তাণ্ডব চালিয়েছে তা নজিরবিহীন। হলের বিভিন্ন কক্ষের দরজা-জানালা, আসবাব গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বিজয় দিবসের খাবার পাওয়া না-পাওয়া নিয়ে ঘটনার সূত্রপাত হলেও এটি বিশ্ববিদ্যালয়ের ওপর পরিকল্পিত হামলা বলে উল্লেখ করেন তিনি। ঘটনা তদন্তে উপাচার্যের মৌখিক নির্দেশে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।