সালামের সংসদ সদস্য পদ অবৈধ ঘোষণার রায়ে স্থগিতাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ-৯ আসন (নান্দাইল) থেকে নির্বাচিত মেজর জেনারেল (অব.) আবদুস সালামের সংসদ সদস্য পদ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। আজ সোমবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন।

একই সঙ্গে বিষয়টি ২৮ নভেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেওয়া হয়।

২১ নভেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আবদুস সালামের সংসদ সদস্য পদ অবৈধ ঘোষণা করে রায় দেন। এতে স্থগিতাদেশ চেয়ে মেজর জেনারেল (অব.) আবদুস সালাম চেম্বার বিচারপতির বেঞ্চে আবেদন করেন। তাঁর পক্ষে ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ ও সৈয়দ মামুন মাহবুব। রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী কে এম সাইফুদ্দিন।

সালামের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব প্রথম আলো ডটকমকে বলেন, হাইকোর্টের রায়ের কার্যকারিতা চেম্বার বিচারপতি স্থগিত করেছেন। ফলে সংসদ সদস্য হিসেবে মেজর জেনারেল (অব.) আবদুস সালামের কাজ চালিয়ে যেতে বাধা থাকছে না।

সালামের সংসদ সদস্য পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে নান্দাইল থানা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মো. জামালউদ্দিন চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি রিট আবেদনটি করেন। 

আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ৪ ডিসেম্বর ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তা ঋণখেলাপির দায়ে সালামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এর বিরুদ্ধে আবদুস সালাম নির্বাচন কমিশনে আপিল করেন। সেই আবেদনও খারিজ হয়। এরপর আবদুস সালাম হাইকোর্টে রিট করেন। উচ্চ আদালত রিটার্নিং কর্মকর্তা ও ইসির আদেশ স্থগিত করে তাঁর প্রার্থিতা গ্রহণের নির্দেশ দেন। এরপর আবদুস সালাম আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হন। পরে তাঁর পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়। প্রাথমিক শুনানির পর আদালত রুল দেন। রুলে কেন আবদুস সালামের সংসদ সদস্য পদ অবৈধ ঘোষণা করা হবে না এবং ওই আসনটি শূন্য ঘোষণা করে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। রুলের ওপর শুনানি শেষে আদালত তাঁর সদস্য পদ অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন।