কক্সবাজারের মহেশখালীতে সালাহ উদ্দিন বাহিনীর লোকজন পরিকল্পিতভাবে দিদারুল আলম দিদারকে হত্যা করেছে। এ ক্ষেত্রে র্যাব তাদের সহযোগিতা করেছে বলে গতকাল সোমবার নিহত দিদারের পরিবার কক্সবাজার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করে। সংবাদ সম্মেলনে দিদারের খালা সেতারা ইয়াছমিন লিখিত বক্তব্যে উল্লেখ করেন, ৮ জানুয়ারি সকালে এলাকার সন্ত্রাসী সালাহ উদ্দিনের লোকজন দিদারের বাড়িতে ঢুকে আলমারি ভেঙে ৯০ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালংকার লুট করে। এ সময় দিদার বাধা দিলে তাঁকে উঠানে নিয়ে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। ঘটনার পর র্যাব-৭-এর একটি দল দিদারের বাড়িতে গিয়ে লাশ উদ্ধার করে পার্শ্ববর্তী খলিলের পাহাড়ে নিয়ে যায়। পরে ডাকাতির প্রস্তুতি ও গুলিবিনিময়ের নাটক সাজিয়ে বন্দুকযুদ্ধে দিদার মারা গেছে বলে দাবি করে। এ নিয়ে র্যাব সদস্যরা থানায় তিনটি মিথ্যা মামলা করেছেন। সংবাদ সম্মেলনে সেতারা ইয়াছমিন সাংবাদিকদের উদ্দেশে বলেন, সালাহ উদ্দিন এলাকার কুখ্যাত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, নারী নির্যাতনসহ বহু মামলা রয়েছে। কিন্তু দিদারকে হত্যার পর সালাহ উদ্দিন এখন দেশ থেকে পালানোর চেষ্টা করছে। তিনি যাতে পালাতে না পারেন, সে জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন সেতারা। সংবাদ সম্মেলনে দিদারের বাবা স্থানীয় বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ফোরকান, দিদারের ভাই স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলমগীর, মোজাম্মেল হক ও ছোট বোন উপস্থিত ছিলেন। দিদারের বাবা মোহাম্মদ ফোরকান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, সালাহ উদ্দিন বাহিনী এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করে আসছে। প্রতিবাদ করায় বিভিন্ন সময়ে সালাহ উদ্দিন নিজেই গুলি করে দিদারকে হত্যার চেষ্টা করে। শেষ পর্যন্ত র্যাবের সহযোগিতায় তাঁকে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় সালাহ উদ্দিনকে প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে গত রোববার মহেশখালী বিচারিক হাকিম আদালতে মামলা করেছেন বলে জানান তিনি।