সালাহ উদ্দিন ১৪ দিনের বিচারিক হেফাজতে

বিএনপির নেতা সালাহ উদ্দিন আহমদকে আদালত ১৪ দিনের বিচারিক হেফাজতে পাঠিয়েছেন। শিলংয়ের একটি আদালত আজ বুধবার এ আদেশ দেন।
জানতে চাইলে বিকেলে মোবাইল ফোনে শিলং পুলিশের এসপি বিবেক সিয়াম প্রথম আলোকে বলেন, সালাহ উদ্দিনকে আজ আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে ১৪ দিনের বিচারিক হেফাজতে পাঠিয়েছেন। পরে তাঁকে শিলং কারাগারে পাঠানো হয়েছে।
সালাহ উদ্দিনকে নেগ্রিমস (নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স) হাসপাতাল থেকে গতকাল মঙ্গলবার থানাহাজতে নেয় শিলং পুলিশ। ১১ মে বিএনপির এই যুগ্ম মহাসচিবকে অনুপ্রবেশের দায়ে আটকের পর প্রথমবারের মতো তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। এর আগে পুলিশি পাহারায় তিনি শিলংয়ের মানসিক হাসপাতাল, সিভিল হাসপাতাল ও নেগ্রিমসে চিকিৎসাধীন ছিলেন।
বিনা পাসপোর্টে ভারতে অনুপ্রবেশের অভিযোগে শিলংয়ের পুলিশ সালাহ উদ্দিনের বিরুদ্ধে ‘ফরেনার্স অ্যাক্ট-৪৬’-এ মামলা করেছে। এর আগে ১১ মে শিলংয়ের গলফ-লিংক এলাকার লোকজন তাঁকে সেখানে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাঁকে আটক করে পাস্তুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। পরে তাঁকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয় সেখানকার সিভিল হাসপাতালে। এরপর শিলং সদর পুলিশ থানা থেকে নেওয়া হয় মানসিক হাসপাতাল মিমহানসে। একদিন পর মিমহানস থেকে আবার তাঁকে পাঠানো হয় সিভিল হাসপাতালে। এরপর ২০ মে সিভিল হাসপাতাল থেকে সালাহ উদ্দিনকে স্থানান্তরিত করা হয় নেগ্রিমসে।