সালাহ উদ্দিনকে উদ্ধারের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবি জানিয়ে গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর স্মারকলিপি দিয়েছে জেলা বিএনপি।
স্মারকলিপিতে উল্লেখ করা রয়েছে, ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ‘ডিবি’ পরিচয়ে একদল অস্ত্রধারী সালাহ উদ্দিন আহমদকে তুলে নিয়ে যায়। গতকাল বুধবার পর্যন্ত তাঁর খোঁজ নেই। তাঁকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবি জানানো হয়।
স্মরকলিপি প্রদান করেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সহসভাপতি রফিকুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আরা, কক্সবাজার পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী প্রমুখ।
শাহজাহান চৌধুরী বলেন, এখনো সালাহ উদ্দিন আহমদের খোঁজ না মেলায় উদ্বিগ্ন দেশের মানুষ। তাঁকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবিতে জেলা বিএনপি গত মঙ্গলবার থেকে ছয় দিনের কর্মসূচি পালন করছে। দ্বিতীয় দিনে আজ (গতকাল) জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর স্মারকলিপি পাঠানো হয়েছে।
বিএনপি সূত্র জানায়, আজ বৃহস্পতিবার বেলা তিনটায় জেলায় গণমিছিল, শুক্রবার জুমার নামাজে মিলাদ মাহফিল, ২১ মার্চ সকালে জেলা ও উপজেলায় পেশাজীবিদের সঙ্গে মতবিনিময়, ২২ মার্চ জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে। কর্মসূচির প্রথম দিনে জেলা বিএনপির কার্যালয়ের সামনে তিন ঘণ্টার গণ-অনশন করা হয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কক্সবাজারের সাবেক সাংসদ লুৎফর রহমান অভিযোগ করেন, সাবেক সাংসদ ইলিয়াস আলীর মতো সালাহ উদ্দিন আহমদকেও গুম করার চক্রান্ত চলছে। এ কারণে সালাহ উদ্দিন আহমদকে তুলে নিয়ে যাওয়ার কথা কেউ স্বীকার করছে না।